সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পারকোলা নামক স্থানে বুধবার সকালে এক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
নিহতরা হচ্ছেন - গহের আলী (৩০) এবং আবু তালেব (২২)। নিহতদের বাড়ি শাহজাদপুর উপজেলার যুগ্নীদহ গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উল্লাপাড়া থেকে বেড়াগামী ‘রোড কিং’ নামের একটি যাত্রীবাহী বাস সকাল ৯টার দিকে পারকোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী ও দুই সাইকেল আরোহীকে চাপা দেয় এবং রাস্তার পার্শ্ববর্তী একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পথচারী গহের আলী এবং সাইকেল আরোহী আবু তালেব নিহত হন।
আহত হন অপর সাইকেল আরোহী আব্দুল জলিলসহ কমপক্ষে ১৫ জন বাসযাত্রী। আহতদেরকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আব্দুল জলিলের অবস্থা আশংকাজনক।
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
