২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটে আগাম ছুটি ঘোষণা, শিক্ষার্থীরা হল ছাড়ছে

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সোমবার রাতে আগাম ছুটি ঘোষণা করা হয়েছে। ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রশিবির ক্যাডারদের সশস্ত্র হামলায় উদ্ভুত পরিস্থিতি নিরসনে আগামী ১৯ আগস্টের নির্ধারিত ছুটি এগিয়ে আজ মঙ্গলবার থেকে আগাম ছুটি ঘোষণা করা হয়।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2006, 03:20 AM

Updated : 26 Apr 2022, 03:52 PM

মিড সেমিস্টারের নির্ধারিত ছুটি পাঁচ দিন বাড়িয়ে আগামী ২৬ আগস্ট পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়।

রুয়েট সূত্র জানায়, সোমবার রাতে প্রশাসন ভবনের উপাচার্য দফতরে রুয়েটের বর্তমান পরিস্থিতি নিয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। রুয়েট উপাচার্য অধ্যাপক আনওয়ারুল হক সভায় সভাপতিত্ব করেন। উক্ত সভায় রুয়েট ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক মফিজুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রকসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৯ আগস্টের নির্ধারিত মিড সেমিস্টারের ছুটি পাঁচ দিন এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত  গ্রহণসহ ছুটি আরো পাঁচ দিন বাড়িয়ে ১৫ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে আগাম ছুটি ঘোষণায় আজকের মধ্যেই বেশিরভাগ ছাত্রছাত্রী আবাসিক হল ছেড়েছে। তবে ক্যাম্পাসে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা অবস্থান করছে বলে জানা গেছে।

অন্যদিকে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর শিবির ক্যাডারদের অতর্কিত সশস্ত্র হামলার পর থমথমে রুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগ রোববার রাতে ও সোমবার দুপুরে দু’দফা বিক্ষোভ মিছিল সমাবেশ করে। এতে শিবির নেতারা ক্যাম্পাসে প্রকাশ্য সমাবেশ করে ছাত্রলীগ নেতাদের ক্যাম্পাস থেকে বিতাড়নের ঘোষণা দেয়। আজ সকালে রুয়েট শাখা ছাত্রশিবির সভাপতি সৈয়দ আহমেদ কবীর তার ব্যক্তিগত মোবাইল ফোন থেকে রুয়েট ছাত্রলীগ নেতা আসিফকে হত্যার হুমকি দিয়েছে বলে আসিফ আজ সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন। এ ছাড়া রুয়েট ছাত্রলীগের আরো কয়েক নেতাকর্মীকে শিবির ক্যাডাররা মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছে বলে ছাত্রলীগ নেতৃবৃন্দ অভিযোগ করেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে রুয়েট উপাচার্য প্রফেসর আনওয়ারুল হক সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান।

রুয়েট রেজিস্ট্রার মো. ইসমাইল হোসেন রুয়েট আগাম বন্ধ ঘোষণার সত্যতা স্বীকার করে বলেন, উদ্ভুত পরিস্থিতি নিরসনে আগাম ছুটি ঘোষণা করা হয়েছে।

রুয়েট শাখা ছাত্রশিবির সভাপতি সৈয়দ আহমেদ করীর ছাত্রলীগ নেতাকর্মীদের হত্যার হুমকি দেয়ার অভিযোগ অস্বীকার করেছেন।