ভেনিজুয়েলার নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
ভেনিজুয়েলার নবনিযুক্ত রাষ্ট্রদূত মিলেনা সানতানা রামিরেজ মঙ্গলবার বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।
রাষ্ট্রপতি ভেনিজুয়েলার রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান এবং দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। রাষ্ট্রপতি দু দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও বিশ্বশান্তির প্রেক্ষাপটে নিজেদের অঙ্গীকারের কথাও উল্লেখ করেন।
নবনিযুক্ত রাষ্ট্রদূত ক্ষুদ্র ঋণে বাংলাদেশের সাফল্যের কথা উল্লেখ করে বলেন, ভেনিজুয়েলাও দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে বাংলাদেশকে মডেল হিসেবে গ্রহণ করেছে। এর আগে বঙ্গভবনে তাকে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্ট ‘গার্ড অব অনার’ প্রদান করে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আমিনুল করিম, রাষ্ট্রপতির সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী, রাষ্ট্রপতির তথ্যসচিব এম মোখলেসুর রহমান চৌধুরীসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
