সাতক্ষীরায় অপহরণ মামলায় একজনের ১৪ বছরের সশ্রম কারাদন্ড
সাতক্ষীরায় সোমবার এক অপহরণ মামলার রায়ে আসামী শামীম মোল্লাকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড এবং এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মাহাতাবউদ্দীন জনাকীর্ণ আদালতে মামলার ওই রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত আসামী শামীম মোল্লা (২৮) সাতক্ষীরার আশাশুনি উপজেলার বেতলা গ্রামের শাহাদত মোল্লার ছেলে।
মামলার তথ্য অনুযায়ী, ২০০৪ সালের ৬ এপ্রিল চাপড়া এলাকা থেকে আশাশুনি উপজেলার বেতলা গ্রামের শামীম মোল্লা এবং একই গ্রামের আহম্মদ আলীর ছেলে শুকুর আলী ও তাছিরউদ্দিনের ছেলে এবাদুল ইসলাম এক কিশোরীকে অপহরণ করে।
এ ঘটনায় মেয়েটির পিতা বাদী হয়ে আশুশানি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলার অপর দুই আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদেরকে অব্যাহতি দেওয়া হয়।
