৭২ ঘন্টা অচল থাকার পর সোনামসজিদ স্থলবন্দরে স্বাভাবিক কাজকর্ম শুরু
ভারতীয় রপ্তানিকারক এসোসিয়েশন ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের ডাকা আকস্মিক ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার পর সোমবার থেকে দেশের বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদে আবার স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে।
দুই দেশের স্থলবন্দরগুলোতে শূক্রবারের পরিবর্তে রোববার সাপ্তাহিক ছুটি কার্যকর করার দাবীতে সংগঠন দুটি এই ধর্মঘটের ডাক দিয়েছিল।
ধর্মঘটের কারণে ভারতের মালদহ জেলার মোহদিপুর স্থলবন্দরে প্রায় ৪শ পচনশীল দ্রব্যের গাড়িসহ অন্তত ৮শ আমদানী পণ্যের গাড়ি আটকা পড়েছিল।
তিনদিনের অচলাবস্থার পর পচনশীল পণ্যবাহী ট্রাকগুলো আগেভাগে ছাড়ার ব্যবস্থা করা হয়।
একটি সূত্র জানায়, ভারতের মালদহ জেলার মোহদিপুর এক্সপোর্টার্স এসোসিয়েশন পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের জন্য আগামীকাল মঙ্গলবার জেলা শহরে আলোচনায় বসবে। সংগঠনের কর্মকর্তা কার্ত্তিক চন্দ্র এ তথ্য জানিয়ে বলেন, বর্তমানে প্রতিদিন ২৫০ থেকে ২৭০ টি গাড়ি বাংলাদেশে প্রবেশ করছে। এ সংখ্যা ৩’শ তে উন্নীত হলে তারা শুক্রবার প্রশ্নে ছাড় দেবার কথা ভাববেন। একই মনোভাব ব্যক্ত করেন ভারতীয় সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন দিশারী এজেন্সীর কর্মকর্তা ভূপতি কর্মকারও।
অন্যদিকে সোনামসজিদ ল্যান্ড কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন কর্মকর্তারা জানান, যেহেতু দুটি ঘোষণার বিষয়ই দুদেশের সরকারী পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে সেহেতু এক্ষেত্রে ধর্মঘট ডাকা অবান্তর। ধর্মঘটের কারণে কয়েক কোটি টাকার ফল, পেঁয়াজ নষ্ট হয়েছে বলে তারা উল্লেখ করেন। এদিকে সোনামসজিদ স্থল বন্দরের সহকারী কমিশনার আব্দুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ধর্মঘটের ফলে রাজস্ব ক্ষতির কথা জানান।
জানা গেছে, জয়েন্ট গ্র“প অব কাস্টমস এসোসিয়েশন এর উদ্যোগে ভারত - বাংলাদেশ সচিব পর্যায়ের ৩য় যৌথ সভায় উভয় দেশের স্থল বন্দরগুলোতে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন নির্ধারণ হয়। সেইসঙ্গে বন্দরের বর্তমান সময় সূচীর পরিবর্তে সকাল ৭ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এবং রমজান মাসে সকাল সাড়ে ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নির্ধারণ করা হয়।
পরবর্তীতে জাতীয় রাজস্ব বোর্ড দেশের সবগুলো বন্দরকে এ নির্দেশনা পালনের জন্য প্রজ্ঞাপন জারী করে। সেই অনুযায়ী মধ্য জুলাই থেকে শুক্রবার বন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়।
কিন্তু এ সিদ্ধান্ত মেনে নেয়নি ভারতীয় রপ্তানীকারক সমিতি। তারা শুক্রবারের পরিবর্তে রোববার ছুটির দিন দাবী করে। এরই অংশ হিসেবে ভারতের মালদহ জেলার মোহদিপুর স্থলবন্দর এক্সপোর্ট এসোসিয়েশন ও সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন ১২ ও ১৩ আগস্ট বন্দরে ধর্মঘটের ডাক দেয়। শুক্রবারসহ ধর্মঘটের দিন মিলিয়ে প্রায় ৭২ ঘন্টা সোনামসজিদ অচল হয়ে পড়ে। এর ফলে ভারতের মোহদিপুর বন্দরে আটকা পড়ে ফল ও পেঁয়াজের গাড়িসহ আট শতাধিক পণ্যবোঝাই গাড়ি। আমদানীকারকরা জানান, ৭২ ঘন্টা আটকে থাকার কারণে প্রচন্ড গরমে ফল ও পেঁয়াজের কিছুটা ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে ভারতের মালদহ জেলার মোহদিপুর বন্দরের রপ্তানীকারক সমিতির সভাপতি নিখিল চন্দ্র ঘোষ বিডিনিউজকে জানান, উভয় দেশের উর্দ্ধতন কর্মকর্তাদের বৈঠকের সিদ্ধান্তের বিষয়টি তারা অবগত নয়। ভারতীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাদেরকে কিছু জানায়নি। এ কারণেই তারা ধর্মঘটের ডাক দিয়েছিলেন।
সোনামসজিদ আমদানী - রপ্তানীকারক দলের সাধারণ সম্পাদক আবু তালেব জানান, যৌথ আলোচনার সিদ্ধান্তটি জরুরীভাবে উভয় দেশের সংশ্লিষ্ট বিভাগে ব্যাপকভাবে প্রচার হওয়া উচিত ছিল। ধর্মঘটের কারণে তারা ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
