২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জকিগঞ্জে পতাকা বৈঠকে সীমান্ত থেকে অতিরিক্ত বিএসএফ সদস্য ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত: ১৫ গ্রামের মানুষ এখনও আতঙ্কে

ভারতের শিলচর সেক্টরের ডিআইজি’র দেওয়া প্রস্তাব অনুযায়ী রোববার ভারতের হরিনগর সীমান্ত ফাঁড়িতে অনুষ্ঠিত বিডিআর-বিএসএফ’র পতাকা বৈঠকে উভয়পক্ষ সীমান্তে উত্তেজনা নিরসন এবং স্থিতাবস্থা বজায় রাখার ব্যাপারে একমত হন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2006, 09:29 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উভয় দেশই ১৯৭৪ সালের সীমান্ত চুক্তি মেনে চলার বিষয়ে একমত হয়েছে। বৈঠকে বিএসএফ সাম্প্রতিক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে। এ ছাড়া আগামীকাল সোমবার বিকাল ৫টার মধ্যে উভয়পক্ষ সীমান্ত থেকে অতিরিক্ত সদস্যদের ফিরিয়ে নেয়া হবে বলেও সম্মত হয়।

রোববার দুপুর সাড়ে ১২ টা থেকে সন্ধ্যে ৭ টা পর্যন্ত অনুষ্ঠিত সেক্টর পর্যায়ের এই বৈঠকে বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেন বিডিআর সিলেটের সেক্টর কমান্ডার কর্নেল আবুল হোসেন এবং ভারতীয় পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ শিলচর রেঞ্জের ডিআইজি দেশরাজ।

বৈঠকের শুরুতে জকিগঞ্জে সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে বিএসএফ এবং বিডিআর কর্মকর্তারা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

এদিকে পতাকা বৈঠক সত্ত্বেও জকিগঞ্জ সীমান্ত এখনও থমথমে। পরিস্থিতি শান্ত হয়ে না আসায় সীমান্তবর্তী ১৫ গ্রামের আতঙ্কিত লোকজন রোববার পর্যন্ত বাড়ি ফিরেননি। গত বুধবার রাতে বিএসএফ’র অতর্কিত হামলার পর তারা বাড়িঘর ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। বিডিআর’র মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমদ শনিবার বিকেলে জকিগঞ্জ সীমান্ত পরিদর্শন করেন।

এদিকে জকিগঞ্জ সীমান্ত সমস্যার সমাধান না হওয়ায় সিলেটের অন্যান্য সীমান্তগুলোতেও বিডিআর সতর্কাবস্থায় রয়েছে। একাধিক সূত্র জানিয়েছে, জকিগঞ্জ সীমান্তে গুলিবিনিময়ের পর থেকে সিলেটের চার জেলার ১৯ সীমান্তের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সিলেটের পাদুয়া, সোনারহাট, উতমা ও কানাইঘাটসহ সবগুলো সীমান্তে বিডিআর শক্তি বৃদ্ধি করে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

জানা গেছে, সুনামগঞ্জ সদরের নারায়ণতলা, বনগাঁও, তাহিরপুরের বড়ছড়া, দোয়ারাবাজারের বাঁশতলা, ঘোগলা প্রভৃতি সীমান্তেও একই অবস্থা বিরাজ করছে। তবে এ সকল সীমান্তে এখনও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মৌলভীবাজারের শরীফপুর, ফুলতলাসহ অন্যান্য সীমান্ত এলাকার ওপারে বিএসএফ সৈন্য সমাবেশ করেছে। পরিস্থিতি মোকাবেলা করতে বিডিআরও রয়েছে সতর্কাবস্থায়। সীমান্তের হবিগঞ্জের চুনারুঘাটের বেশ কয়েকটি সীমান্তে বিডিআর-বিএসএফ মুখোমুখি অবস্থানে রয়েছে । এ সকল সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। চুনারুঘাটের বাল্লা, দুই পাতিল, সাতছড়ি, গুইবিল, চিমটিবিল, রেমা ও জাম্বুরাছড়া সীমান্তে শুক্রবার থেকে বিডিআর - বিএসএফ সতর্কাবস্থায় রয়েছে।

তবে ১৫ আগস্ট ভারতের স্বাধীন দিবসকে সামনে রেখে অধিক নিরাপত্তার স্বার্থে সীমান্ত এলাকায় বিএসএফ শক্তি বৃদ্ধি করছে বলে ধারণা করা হচ্ছে।