২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ আভ্যন্তরীণ রুটে বিমানের ভাড়া বাড়ছে

জেট ফুয়েলের দাম বাড়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ১০টি আভ্যন্তরীণ রুটের ভাড়া বাড়ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2006, 05:37 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

বিমান সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ায় বিমান কর্তৃপক্ষ এসব রুটে ১৭৫ টাকা থেকে সর্বোচ্চ ৭৫০ টাকা পর্যন্ত ভাড়া বাড়িয়েছে। অবশ্য বিমান এখনই আন্তর্জাতিক রুটে ভাড়া বাড়াচ্ছে না।

বেসরকারি জিএমজি এয়ারলাইন্স অবশ্য এখনই আভ্যন্তরীণ বা আন্তর্জাতিক কোনো রুটেই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি।

আগামী ১৬ আগস্ট থেকে আভ্যন্তরীণ রুটে বিমানের নতুন ভাড়া কার্যকর করা হচ্ছে। সবশেষ ২০০৫ সালের ১৬ সেপ্টেম্বর বিমান অভ্যন্তীরীণ রুটে ভাড়া বাড়িয়েছিল।

নতুন ভাড়া অনুযায়ী, ঢাকা - চট্টগ্রাম রুটে ২০০ টাকা বেড়ে তিন হাজার ৫০০ টাকা, ঢাকা - সিলেট রুটে ১৭৫ টাকা বেড়ে তিন হাজার ১০০ টাকা, ঢাকা - কক্সবাজার রুটে ৩৭৫ টাকা বেড়ে চার হাজার ৫০ টাকা, ঢাকা - সৈয়দপুর রুটে ৭৫০ টাকা বেড়ে তিন হাজার ১০০ টাকা, ঢাকা - যশোর রুটে ১৭৫ টাকা বেড়ে দুহাজার ২৫০ টাকা, ঢাকা - রাজশাহী রুটে ৪৫০ টাকা বেড়ে দু হাজার ৪০০ টাকা, ঢাকা - বরিশাল রুটে ২৫০ টাকা বেড়ে দুহাজার ২০০ টাকা,  রাজশাহী - সৈয়দপুর রুটে ৩৭৫ টাকা বেড়ে এক হাজার ৬০০ টাকা, চট্টগ্রাম কক্সবাজার রুটে ৪৭৫ টাকা বেড়ে এক হাজার ৬৫০ টাকা এবং বরিশাল - যশোর রুটে ৩৫০ টাকা বেড়ে এক হাজার ৫৫০ টাকা ভাড়া কার্যকর করা হচ্ছে।