অসুস্থ কবি শামসুর রাহমানকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে
অসুস্থ কবি শামসুর রাহমানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় কবির চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি) ডাক্তারদের নিয়ে গঠিত বোর্ড কবিকে উন্নততর চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার বিষয়ে সম্মতি প্রদান করেছে।
কবিকন্যা সুমাইরা সুমী ও জামাই আমিনুল ইসলাম প্রধানমস্ত্রী খালেদা জিয়ার সাথে সাক্ষাত করে উন্নত চিকিৎসার জন্য কবিকে দেশের বাইরে নেওয়ার বিষয়ে সরকারের সাহায্য কামনা করেছেন। তবে কবিকে চিকিৎসার জন্য কোথায় নিয়ে যাওয়া হবে সে সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত জানা যায়নি।
কবির চিকিৎসকদের সূত্র মতে, তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তার চেতনা পুরোপুরি ফিরে না আসলেও কিডনী এবং হৃৎপিণ্ড আগের চেয়ে ভালোভাবে কাজ করছে। তবে শ্বাস - প্রশ্বাসের জটিলতার কারণে কবিকে এখোনো কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে।
কবির বর্তমান শারীরিক অবস্থা বিবেচনা করে তার মেডিকেল বোর্ডের প্রধান ডা. ইকবাল হোসাইন জানান, কবিকে এখন চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে। তবে কয়েক ঘন্টার আকাশ ভ্রমন কবির জন্য একবারে ঝুঁকিমুক্ত নয় বলেও তিনি উল্লেখ করেন।
কবির পারিবারিক সূত্র জানায়, তাকে চিকিৎসার জন্য কোন দেশে নিয়ে যাওয়া হবে তা এখনো স্থির করা না হলেও আগামী এক সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে।
