দারিদ্র মোকাবিলার প্রত্যয়ে দেশে আন্তর্জাতিক যুব দিবস পালিত
সম্মিলিতভাবে দারিদ্র মোকাবিলা করার প্রত্যয় নিয়ে শনিবার দেশে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়।
১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ২০০০ সাল থেকে সারা বিশ্বে এ দিবসটি পালিত হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগ এ উপলক্ষ্যে দুদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির প্রথম দিনে শনিবার তারা ক্যাম্পাসে একটি র্যালী বের করে। র্যালী শেষে অপরাজেয় বাংলা’র পাদদেশে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ, ইউএনএফপি’র বাংলাদেশ প্রতিনিধি ড.পূর্ণচাই সূচিত, পপুলেশন সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান তাহমিনা গফুর, অধ্যাপক ড.এ কে এম নূর - উন - নবী, সমাজবিজ্ঞান বিভাগের ডীন অধ্যাপক হারুন - অর -রশীদ, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আখতারুজ্জামান, ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মোশতাক আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা জাতির উন্নয়ন কর্মকাণ্ডের সফল বাস্তবায়ন এবং উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা চিহ্নিতকরণে যুব সমাজকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তারা দারিদ্র মোচনের প্রতি গুরুত্বারোপ করেন।
এছাড়া বাংলাদেশ যুব ইউনিয়ন লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ ও ইসরায়েলকে যুদ্ধাপরাধী হিসেবে আন্তর্জাতিক আদালতে বিচারের দাবিতে প্রতীকী মিসাইল ধ্বংস এবং এ যুদ্ধবিরোধী স্বাক্ষর গ্রহণ কর্মসূচি পালন করে।
স্বাক্ষর গ্রহণ কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মহ্বুবুল ইসলাম, সহ - সভাপতি জাহিদ হোসেন খান, মিহির বিশ্বাস প্রমুখ।
