রাজধানীর বিভিন্ন হোটেল ও বিমানবন্দরে কড়া নজরদারি
রাজধানীর বিভিন্ন হোটেল ও বিমানবন্দরে কড়া নজরদারি নিশ্চিত করতে সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতি নির্দেশ জারি করা হয়েছে। লন্ডনে বৃহস্পতিবার যাত্রীবাহী বিমানে সন্ত্রাসী হামলা চালানোর ব্যর্থ চেষ্টার পর এ নির্দেশ জারি করা হয়।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমান শুক্রবার সাংবাদিকদের সাথে আলাপকালে উদ্বেগ প্রকাশ করে বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের বাইরে শীর্ষ সন্ত্রাসীরা দেশের ফেরার চেষ্টা করবে তাই রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি বলেন, সন্ত্রাসীরা ফিরতে চাইলে তাদের আটক করার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে আরও সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) প্রধান কার্যালয়ে আলাপকালে শুক্রবার মিজানুর রহমান জানান, পথিমধ্যে তল্লাসি চালানোর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দাদের নজরদারি আরও জোরদার করা হয়েছে।
সূত্র জানায়, তালিকাভুক্ত ২৩ শীর্ষ সন্ত্রাসীর মধ্যে পিচ্চি হান্নান র্যাবের সাথে ক্রসফায়ারে এবং আলাউদ্দিন পুলিশের ধাওয়ায় নিহত হয়েছে। বাকি শীর্ষসন্ত্রাসীদের অধিকাংশই ধরাছোঁয়ার বাইরে অবস্থান করছে। তাদের কেউ কেউ গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছে।
এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার জানান, তবে ফেরারি শীর্ষসন্ত্রাসীরা দেশে ফিরছে তাদের কাছে তেমন কোনও নির্দিষ্ট তথ্য নেই।
তিনি বলেন, তারা যাতে দেশে ফিরে আসতে না পারে এবং ফিরে এলেও যাতে দেশের মাটিতে পা ফেলার সাথে সাথে গ্রেপ্তার করা সম্ভব হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে ও পরে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হবে।
