২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে নাশকতা ও দুর্নীতি প্রতিরোধে প্রিজন সিকিউরিটি গঠন করা হচ্ছে

দেশের কারাগারগুলোর অভ্যন্তরে সম্ভাব্য নাশকতা, অনিয়ম এবং দূর্নীতি প্রতিরোধে সরকার ‘প্রিজন সিকিউরিটি ইউনিট’ গঠনের পরিকল্পনা গ্রহণ করেছে। মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বিডিনিউজকে এ তথ্য জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2006, 07:38 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

ডিআইজি প্রিজন (ঢাকা ডিভিশন) মেজর মোহাম্মদ শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজকে বলেন, যদিও এটা এখনো আত্মপ্রকাশ করেনি, কিন্তু প্রায় ৫১ জন কর্মকর্তাকে পরীক্ষামূলকভাবে দেশব্যাপী বিভিন্ন কারগারে মোতায়েন করা হয়েছে এবং তাদের কর্মকান্ড সন্তোষজনক।

তিনি বলেন, এটা একটি গোয়েন্দা ইউনিট হিসেবে কাজ করতে পারে এবং সম্ভাব্য বিক্ষুব্ধ পরিস্থিতি চিহ্নিত করতে জেল কর্তৃপক্ষকে সহায়তা করাই হবে তাদের মূল কাজ।

কারাগারের ভেতরে কিভাবে শৃঙ্খলা বজায় রাখা যাবে সে বিষয়েও তারা পরামর্শ দেবে।

কর্তৃপক্ষ বর্তমানে প্রস্তাবিত ইউনিটের নীতিমালা এবং অন্যান্য সরঞ্জামের জন্য প্রস্তুতি গ্রহণ করছে।

এই প্রকল্পের কাজ মনিটর করার জন্য ইতোমধ্যে ঢাকায় ডিআইজি প্রিজন কার্যালয়ে একটি পৃথক কার্যালয়ও স্থাপন করা হয়েছে।

কারাগার সূত্র জানায়, প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ১৩ জন জেল পুলিশ ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে ও বাইরে হকার ও দর্শণার্থীর ছদ্মবেশে কাজ করছে।

কারাগারের ভেতরে কিভাবে অবৈধ দ্রব্য প্রবেশ করে এবং কারা এর পেছনে দায়ী তারা তাও খুঁজে বের করার চেষ্টা করবেন।

মেজর সিদ্দিকী বলেন, এসব কাজ ছাড়াও সিকিউরিটি ইউনিটের সদস্যরা বিভিন্ন কাঁচাবাজার ঘুরে ঘুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য সংগ্রহ করছে। কারণ জেল কর্তৃপক্ষ কারাগারের রান্নার দরপত্র প্রস্তাব পরীক্ষার সময় এসব সংগৃহীত মূল্যের সাথে মিলিয়ে দেখবেন। 

মেজর সিদ্দিকী বলেন, সিকিউরিটি ইউনিটের সদস্যরা এখন পর্যন্ত সুসজ্জিত না হলেও প্রাথমিকভাবে তাদেরকে ক্যামেরা সুবিধাযুক্ত মোবাইল ফোন সরবরাহ করা হয়েছে।

তিনি আরো বলেন, সরকার চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ আগের বছরের চেয়ে দ্বিগুণ করেছে। গত বছর এ খাতে বরাদ্দের পরিমাণ ছিল ৫ লাখ টাকা।

দেশের বৃহত্তম কারাগার ঢাকা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে শীর্ষ স্থানীয় সন্ত্রাসী, জঙ্গি ও বিদেশী নাগরিকসহ ৮ হাজারের অধিক কয়েদী ও বিচারাধীন আসামী আটক রয়েছে। যা এর ধারণ ক্ষমতার চেয়ে তিন গুণেরও বেশি।

কারাগারের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা ঘুষের বিনিময়ে কারাগারের ভেতরে মাদক দ্রব্যসহ অন্যান্য নিষিদ্ধ দ্রব্য প্রবেশে সহায়তা করে বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া কারারুদ্ধ শীর্ষ সন্ত্রাসীরা মোবাইল ফোনের মাধ্যমে কারাগারের ভেতরে বসেই তাদের অপরাধ চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। কারাগারের কিছু কর্মকর্তা এ কাজে তাদের সহায়তা করে থাকে বলে সূত্র জানায়।

অপরদিকে ২০০৪ সালের ২১ আগস্ট নগরীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার একদিন পর দেশের সবচেয়ে সুরক্ষিত কারাগার বলে খ্যাত ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর থেকে একটি আর্জেস মডেলের গ্রেনেড উদ্ধার করা হয়।

কিন্তু ঘটনার দুই বছর পার হলেও কর্তৃপক্ষ এখন পর্যন্ত এর কোন ক্লু খুঁজে বের করতে পারেনি।  জেল সূত্র জানায়, কোন রকম প্রভাব ছাড়াই যদি সিকিউরিটি প্রিজন ইউনিট কাজ করতে পারে তাহলে ভবিষ্যতে এ ধরনের কাজ প্রতিরোধ করা সম্ভব হবে।