২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনকণ্ঠের রাবি সংবাদদাতাকে প্রাণনাশ ও ছাত্রত্ব বাতিলের হুমকির প্রতিবাদে সাংবাদিকদের আলটিমেটাম

আগামী দুই দিনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের কর্মকর্তার পদত্যাগ দাবি করেছেন রাবিতে কর্মরত সাংবাদিকরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2006, 06:35 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

দৈনিক জনকণ্ঠ পত্রিকার বিশ্ববিদ্যালয় সংবাদদাতাকে জনসংযোগ দপ্তর ও লিগ্যাল সেল কর্মকর্তার প্রাণনাশ, ছাত্রত্ব বাতিল ও ৫০ কোটি টাকার মানহানী মামলা দায়েরের হুমকির প্রতিবাদে মঙ্গলবার সকালে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে সাংবাদিকরা এ দাবি জানান।

এদিকে রাবি সংবাদদাতা শহীদুল ইসলামকে প্রানণাশের হুমকির প্রতিবাদে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন পৃথক বিবৃতিতে এর তীব্র নিন্দা ও দোষীদের শাস্তি দাবি করেছে। রাবি সাংবাদিকরা বুধবার ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টায় রাবি কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ এর রাজশাহী প্রতিনিধি জাহাঙ্গীর আলম আকাশ, প্রথম আলো’র কুদরাত-ই-খুদা বাবু, যায়যায়দিনের কামরুজ্জামান শাহীন, ইনকিলাব এর রকিব উদ্দিন, আমার দেশ এর আনিসুজ্জামান উজ্জ্বল, বাংলাবাজার পত্রিকার আতাউর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, আগামী দুই দিনের মধ্যে জনসংযোগ দপ্তরের প্রশাসক আবু বকর সিদ্দিক ভূঁইয়াকে বহিষ্কার করতে হবে। একই সাথে আবু বকর সিদ্দিক ভূঁইয়া ও লিগ্যাল সেলের সহকারী রেজিস্ট্রার তাজুল ইসলামকে সাংবাদিকদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং রাবিতে কর্মরত সাংবাদিকদের সব সমস্যার সমাধান করতে হবে। অন্যথায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে সমাবেশে বক্তরা হুঁশিয়ারী উচ্চারণ করেন।

সমাবেশ পরিচালনা করেন দৈনিক যুগান্তরের রাবি প্রতিনিধি জোহায়ের ইবনে কলিম। সমাবেশ থেকে কাল বুধবার সকাল ১১ টায় কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।

সমাবেশে রাবি ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট, রাবি শাখা আওয়ামী আইন ছাত্র পরিষদ, যুগান্তর স্বজন সমাবেশের নেতৃবৃন্দ সাংবাদিকদের চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন।

তারা জনকণ্ঠের সাংবাদিককে হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পৃথক বিবৃতি প্রদান করেছেন।

প্রসঙ্গত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা - কর্মচারী নিয়োগে অর্থ বাণিজ্য সংক্রান্ত সংবাদ পরিবেশন করার অভিযোগ করে সোমবার দৈনিক জনকণ্ঠের রাবি প্রতিনিধি শহীদুল ইসলামকে জনসংযোগ দপ্তরের প্রশাসক আবু বকর সিদ্দিক ভূঁইয়া তাঁর দপ্তরে ডেকে নিয়ে প্রাণনাশ, ছাত্রত্ব বাতিল ও ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়েরের হুমকি দেন। এ সময় লিগ্যাল সেলের সহকারী রেজিস্ট্রার তাজুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে শহীদুল নিরাপত্তা চেয়ে সোমবার মতিহার থানায় একটি জিডি করেন। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী জানান, সাংবাদিক শহীদুলের অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। এসআই আবুল বাশারকে এ ব্যাপারে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে বলে ওসি রমজান আলী সাংবাদিকদের জানান।

এ বিষয়ে প্রফেসর ভুঁইয়া ও তাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে সংবাদটির একটি প্রতিবাদ ছাপাতে বলা হয়েছে। তার সাথে কোন রকমের দুর্ব্যবহার করা হয়নি।