প্রতারণা মামলায় রাজবাড়ীতে এক যুবকের ১৪ বছরের কারাদন্ড
রাজবাড়ীতে প্রতারণার দায়ে কাইমুল ইসলাম নামক এক যুবককে আদালত ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ড দিয়েছেন।
রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আশরাফ হোসেন সোমবার এই রায় ঘোষণা করেন। আসামীর বাড়ী পাংশা থানার সাতবাড়ীয়া গ্রামে।
ঘটনার বিবরণে জানা যায়, সাতবাড়ীয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে কাইমুল ইসলাম ওরফে রুবেল ২০০৪ সালের অক্টোবরে প্রতিবেশী এক মেয়ের সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তোলে। পরে রুবেল বিয়ে রেজিষ্ট্রির কথা বলে ওই মেয়েটিকে হোসেনডাঙ্গা গ্রামে নিয়ে যায়। কিন্তু সেখানে বিয়ে না করে অন্যত্র নিয়ে যাবার চেষ্টা করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনাটি স্থানীয় জনসাধারণের মধ্যে সন্দেহের সৃষ্টি করলে তারা দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পরবর্তীতে মেয়েটি রুবেলের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা দায়ের করে। পুলিশ প্রাথমিক তদন্ত শেষে রুবেলকে আসামী করে চার্জশিট দেয় এবং আদালত রুবেলকে ১৪ বছরের কারদন্ড প্রদান করে।
