নোয়াখালীতে মেজর মান্নানের গাড়ি বহরে হামলা, ২২টি যানবাহন ভাংচুর, আহত ১২
নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের সামনে মঙ্গলবার দুপুরে বিকল্পধারা বাংলাদেশ’র মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের গাড়িবহরে ছাত্রদল ক্যাডাররা হামলা চালিয়ে সাতটি মাইক্রোবাস ও ১৫টি মোটর সাইকেল ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনায় বিকল্পধারার ১২ নেতাকর্মী আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে যুবদল ও ছাত্রদল নেতারা এ ঘটনার দায় - দায়িত্ব অস্বীকার করে উল্টো বিকল্প ধারার কর্মীদের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ এনেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী পৌর এলাকার এম.এ. ছাত্তার উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে মেজর (অবঃ) আবদুল মান্নানের গাড়িবহর দুপুর ২ টায় নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় ছাত্রদল ক্যাডাররা লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে মেজর মান্নান অল্পের জন্য রক্ষা পেলেও তার দলের ১২ জন নেতাকর্মী আহত হন।
এর আগে সোমবার রাত ১১ টায় ছাত্রদলের সশস্ত্র ক্যাডাররা ১৫/২০টি মোটর সাইকেলে করে এসে উদ্বোধন উপলক্ষে নির্মিত সভামঞ্চ, তোরণ, সম্প্রসারিত ভবনের উদ্বোধনী পাথর এবং বিদ্যালয়ের দরজা, জানালা ও আসবাবপত্র ভাংচুর করে।
মেজর মান্নান এ ঘটনার জন্য ছাত্র ও যুবদলের ক্যাডারদের দায়ী করে মামলা করবেন বলে জানালেও শেষ খবর পাওয়া পর্যন্ত থানা তার মামলা গ্রহণ করেনি বলে পার্টি সূত্রে জানা গেছে। মেজর মান্নান এ ঘটনায় পুলিশের নীরব ভূমিকারও সমালোচনা করেন।
এদিকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাখ্যা চন্দ্র দাস ও সভাপতি জাহাঙ্গীর আলম কালা ঘটনার জন্য উল্টো বিকল্প ধারার নেতাকর্মীদের দায়ী করে বিডিনিউজ'কে বলেন, মেজর মান্নানের গাড়ি থেকে ছাত্রদলের ওপর ইট - পাটকেল নিক্ষেপ করা হলে এ ঘটনা ঘটে। হামলায় ছয় ছাত্রদল ও যুবদল কর্মী আহত হয়।
কেন্দ্রীয় বিকল্প ধারা এক সংবাদ বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
