দিনাজপুরে বন বিভাগের সাথে স্থানীয়দের সংঘর্ষ: আহত ৪
দিনাজপুর নবাবগঞ্জ বন বিভাগের চরকাই রেঞ্জের ভাদুরিয়া বিটের পদুমহার এলাকায় সোমবার বন বিভাগের কর্মকর্তা - কর্মচারি ও দিনমজুরদের সাথে স্থানীয় জনতার সংঘর্ষ হয়। এ ঘটনায় চার দিনমজুর আহত হন।
আহতরা হলেন, নয়াপাড়া গ্রামের আইনুদ্দিন ও নুর ইসলাম, মালিপাড়া গ্রামের শওকত আলী এবং শওগুন খোলা গ্রামের শহিদুল ইসলাম। তাদেরকে নবাবগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
জানা যায়, পদুমহার এলাকায় স্থানীয়রা দীর্ঘদিন ধরে বন বিভাগের জায়গা দখল করে বসবাস করে আসছিল। বন বিভাগের কর্মকর্তারা ওই এলাকায় রোববার গাছ লাগাতে গেলে ভোগ দখলকারীরা এতে বাধা দেয়। এসময় তাদের সাথে বন কর্মকর্তাদের সংঘর্ষ বাধে।
বন বিভাগের প্রহরীরা সংঘর্ষ থামাতে তিন রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। স্থানীয় জনতার লাঠির আঘাতে চার দিনমজুর আহত হয়।
এ ব্যাপারে ভাদুরিয়া বিট কর্মকর্তা মমতাজের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান।
