চাঁদপুরে পানিতে ডুবে ও রাজবাড়ীতে বজ্রপাতে ২ জনের মৃত্যু
চাঁদপুর সদর উপজেলায় সোমবার পানিতে ডুবে এবং রাজবাড়ী সদর উপজেলার আহলাদিপুর গ্রামে বজ্রপাতে দুইজনের মৃত্যু ও একজন আহত হয়েছে।
বিডিনিউজের চাঁদপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের রালদিয়া গ্রামে সোমবার দুপুরে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম সুমন।
পারিবারিক সূত্র জানায়, সুমন দুপুরে তার বন্ধুদের সাথে বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরে তার লাশ উদ্ধার করা হয়।
বিডিনিউজের বাজবাড়ী প্রতিনিধি জানায়, সদর উপজেলার আহলাদিপুর গ্রামে বজ্রপাতে এক গৃহবধুর মৃত্যু ও অপরজন আহত হয়। নিহত গৃহবধুর নাম কুলসুম বেগম (৪০)। এলাকাবাসী জানান, দুপুর ২ টার দিকে কুলসুম মাঠ থেকে গরু আনতে গেলে হঠাৎ বজ্রপাতে সে গুরুতর আহত হয়। তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আহত ফরিদাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
