২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদ সদস্যদের কাছে চিঠি পাঠাচ্ছে বাংলাদেশ

লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়ে দু’এক দিনের মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সদস্যদের কাছে চিঠি পাঠাচ্ছে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2006, 09:39 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

 নিরাপত্তা পরিষদ ছাড়াও ইসরায়েলের ওপর যেসব দেশের প্রভাব রয়েছে সেসব দেশের প্রতিও এ আহ্বান রাখা হবে।

পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান জানান, ইতোমধ্যে চিঠির খসড়া তৈরি করা হয়েছে এবং পাঠানোর আগে প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিঠিতে স্বাক্ষর করবেন।

তিনি বলেন, আমরা বিষয়টি হালকাভাবে নিচ্ছি না। ইসরায়েল যা করছে তা ঘৃণ্য কাজ। এটা মেনে নেওয়া যায় না।

জাতিসংঘের এমন কোনো ভূমিকা নেওয়া ঠিক হবে না, যাতে করে সাধারণ মানুষ তাদের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে।

তিনি বলেন, একমাত্র জাতিসংঘের ওপরই মানুষের আস্থা রয়েছে। আমরা চাই, কোনো শর্ত ছাড়াই মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ হোক।

মোর্শেদ খান জানান, দুজন ইসরায়েলি সেনাকে অপহরণের ফলেই ইসরায়েল এমন নজিরবিহীন প্রতিক্রিয়া প্রকাশ করেছে তা তিনি বিশ্বাস করেন না।

তিনি বলেন, এটা সম্পূর্ণ পরিকল্পিত। তারা হামলা চালানোর অপেক্ষায় ছিল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া।

তিনি বলেন, ইসরায়েল কোনো বাফার জোন চাইলে সেটা তাদের ভূখণ্ডের মধ্যেই গড়তে হবে, অন্যদের ভূখণ্ডে নয়।

প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত সপ্তাহে মালয়েশিয়ায় ওআইসি’র বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দেন। সেখানে তিনি স্পষ্ট ভাষায় ইসরায়েলের হামলাকে মুসলিম বিশ্বের প্রতি উগ্রবাদিতা বলে উল্লেখ করেন। তিনি সংযম ও সহিষ্ণুতার প্রতি বাংলাদেশের সুদৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করেন।

বিশেষ শীর্ষ সম্মেলনের আহ্বায়ক ছিলেন ওআইসির বর্তমান চেয়ারম্যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমেদ বাদাবি। তিনি ইসারায়েলি আগ্রাসন বন্ধের জন্য ওআইসির প্রত্যেক সদস্যকে বিশ্ব সম্প্রদায়ের কাছে সদৃঢ় অবস্থান ব্যক্ত করে একটি বার্তা পাঠাতে বলেন।

ওআইসির অন্যান্য সদস্যরাও আলাদাভাবে এবং সম্মিলিতভাবে জাতিসংঘের কাছে পৃথক পৃথক চিঠি পাঠাবে।