২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টস ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী থাই পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের তৈরি পোশাক ও জ্বালানি খাতে বিনিয়োগের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2006, 06:02 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

থাইল্যান্ডের সফররত পররাষ্ট্রমন্ত্রী কান্টাথি সুফামংখন রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খানের সাথে বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন। তিনি একদিনের সফরে রোববার ঢাকায় পৌঁছেন। 

বৈঠক শেষে উভয় পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, বিমানের ফ্লাইট আরও বাড়িয়ে বাংলাদেশ ও থাইল্যান্ড দু দেশের সম্পর্ক বৃদ্ধির সম্ভাবনাকে আরও বাড়াতে পারে।

থাই পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে থাই এয়ারওয়েজ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল ব্যবস্থাপনার কাজ শুরু করবে এবং আগামী ২৮ সেপ্টেম্বরে ব্যাংককে একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে বিমান চলাচল আরও বাড়বে। এর ফলে বাংলাদেশে পর্যটন ও বিনিয়োগও বাড়বে।

পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান সাংবাদিকদের জানান, দু দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, উপকূলীয় জাহাজ চলাচল, ভিসা প্রক্রিয়া আরও সহজ করা এবং বাণিজ্য ও বিনিয়োগের দিক থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।

দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক, উপআঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় তাদের আলোচনায় স্থান পেয়েছে বলে মোর্শেদ খান জানান।

থাই পররাষ্ট্রমন্ত্রী বলেন, হোটেল র‌্যাডিসন ওয়াটার গার্ডেনে থাইল্যান্ডের পরিচালনায় একটি স্পা স্থাপন করা হবে।

বিমসটেক এফটিএ উদ্বোধন থাইল্যান্ডের অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনার কারণে বিলম্বিত হচ্ছে কি না জানতে চাইলে কাণ্টাথি জানান, এ ব্যাপারে আলোচনা অব্যাহত রয়েছে। আগামী ১৫ অক্টোবর নির্বাচনের মধ্য দিয়ে থাইল্যান্ডে নতুন সরকার ক্ষমতায় আসবে। নতুন সরকার ক্ষমতায় এসেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে তিনি জানান।

জাতিসংঘ মহাসচিব পদপ্রার্থী উপপ্রধানমন্ত্রী সুরাকিয়ার্ট সাথিরাথাইয়ের ব্যাপারে বাংলাদেশের সমর্থন চাওয়া হয়েছে কি না এ ব্যাপারে জানতে চাইলে থাই পররাষ্ট্রমন্ত্রী জানান, ১০ জাতির আঞ্চলিক গ্র“প আসিয়ান তাদের প্রার্থীকে সমর্থন জানিয়েছে এবং বাংলাদেশের সমর্থনের বিষয়টি নিয়েও আলোচনা করা হয়েছে।

অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে চট্টগ্রামের থাই এয়ারওয়েজের কার্যক্রম বিলম্বিত হওয়ার বিষয় নিয়ে কোন আলোচনা হয়েছে কি না জানতে চাইলে মোর্শেদ খান বলেন, অভ্যন্তরীণ সমস্যা আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে বাধা হবে না।

আলোচনাকালে থাইল্যান্ড ও বাংলাদেশের সংস্কৃতি বিনিময় কর্মসূচি সংক্রান্ত পাঁচ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বিকেলে থাই পররাষ্ট্রমন্ত্রী রাজধানীর বারিধারায় থাই দূতাবাসের জন্য নির্ধারিত ভবন উদ্বোধন এবং পরে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে। 

বিমসটেকের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে সোমবার তিনি নতুন দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।