সাতক্ষীরায় হত্যা মামলার রায়ে ২ জনের ফাঁসি
সাতক্ষীরায় এক হত্যা মামলার রায়ে রোববার দুজনের মৃত্যুদণ্ড ও দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আশীষ কুমার দাস দুই আসামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন - শ্যামনগর উপজেলার আবাদ চণ্ডিপুর গ্রামের মো. আবুবকর ও আফসার উদ্দিন।
মামলার বিবরণে জানা জায়, আসামীরা ২০০২ সালের ১৭ মার্চ নকিপুর বাজারের একটি জুয়েলারি দোকানের জানালা ভেঙ্গে ভেতরে ঢুকে দোকান মালিক আমজাদ আলীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। এসময় বাজারের পাহারাদাররা আবু বকরকে হাতেনাতে ধরে ফেলে।
এ ঘটনায় নিহত আমজাদের বাবার মামলার পরিপ্রেক্ষিতে তদন্ত শেষে পুলিশ দুই আসামীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
আদালতের বিচারক ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় ঘোষণা করেন।
