লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ
লেবানন ও ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলার প্রতিবাদে শুক্রবার নগরীতে শত শত মুসলমান বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
বিক্ষুব্ধ প্রতিবাদ চলাকালে বিক্ষোভকারীরা ইসরায়েল, জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তাদের ঘৃণা প্রকাশ করেন এবং অবিলম্বে লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবী জানায়।
এছাড়া লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন বন্ধে যথাযথ ভূমিকা পালন করতে ব্যর্থ হওয়ায় বিক্ষোভকারীরা জাতিসংঘ বিলুপ্ত করে দেওয়ার দাবি জানায়।
জুম্মার নামাজের পর বিভিন্ন ইসলামী দল ও সংস্থার ব্যানারে নগরীর বিভিন্ন মসজিদ থেকে আসা শত শত মুসলমান রাস্তায় অবস্থান নিয়ে লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদ জানায়।
তারা পৃথক পৃথক মিছিল বের করে নগরীর পল্টন, তোপখানা রোড, বিজয়নগর ও গুলিস্তান এলাকা প্রদক্ষীণ শেষে বিক্ষোভ সমাবেশ করেন।
ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালনকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (আইসিএম), বাংলাদেশ খেলাফত আন্দোলন, আল্লাহর দল, বাংলাদেশ ইসলামী সমাজ এবং জমিয়ত-ই-তালেবা আরাবিয়া।
পৃথক পৃথক সমাবেশে বিক্ষোভকারীরা বিতর্কিত ভূমিকার জন্য ইসরায়েলের পাশাপাশি জাতিসংঘ ও এর মহাসচিব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেয়।
জাতিসংঘ একটি ইসলাম বিরোধী সংস্থা এবং তারা সবসময় ইসলামকে ধ্বংস করতে চায় বলে বক্তারা অভিযোগ করেন।
তারা জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধেও মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
