মিয়ানমারে সার পাচার বৃদ্ধি পেয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা দিয়ে মিয়ানমারে সার পাচার আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।
জেলার দক্ষিণাঞ্চলের বামনী এবং ছোটফেনী নদী রুটে বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারে সার পাচারের ঘটনা ঘটছে। সার পাচারের বিনিময়ে মিয়ানমার থেকে বাংলাদেশে আসছে মাদকদ্রব্য। ফলে নিরাপদ রুট কোম্পানীগঞ্জ চোরাচালানীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।
সার পাচারের কারনে চরাঞ্চলের কৃষকরা পর্যাপ্ত পরিমান সার থেকে বঞ্চিত হচ্ছে। মালামাল সহ চোরাকারবারিরা গ্রেফতার হলেও আইনের ফাঁক ফোকর ও দুর্বল চার্জশিটের জন্য সহজেই তারা জামিন পেয়ে যাচ্ছে এবং আবারও একই পেশায় নিযুক্ত হচ্ছে।
কোম্পানীগঞ্জ থানা সুত্র জানায়, গত ১০ জুন মিয়ানমারে পাচারের সময় দক্ষিণ মুছাপুর গ্রাম থেকে দুই ট্রাক ভর্তি ৩২৫ বস্তা সার আটক করা হয়। পুলিশ এ ঘটনার মুল নায়ক মুছাপুরের চোরাকারবারি রফিককে গ্রেফতারও করে।
এর আগে গত মার্চ মাসে চরকাঁকড়া নতুন বাজার থেকে একই উদ্ধেশ্যে নেওয়া ২৬০ বস্তা সারসহ ছয়জনকে আটক করে পুলিশ।
এছাড়া গত ৩১ ডিসেম্বর চট্টগ্রামের পতেঙ্গা থেকে ছিনতাইকৃত ৮০ ড্রাম তেল ১২ জানুয়ারী রামপুর থেকে উদ্ধার করে র্যাব। এ ঘটনায় জড়িত থাকায় র্যাব সদস্যরা উপজেলা যুবদল নেতা আলমাস খান বাহাদুরকে আটক করে।
২০০৫ সালের ডিসেম্বর মাসের ১৭ তারিখে পুলিশ একটি বাস থেকে ছয়জন চোরাকারবারিসহ প্রচুর পরিমানে বিদেশী মদ আটক করে। পুলিশ জানায় মিয়ানমার থেকে কোম্পানীগঞ্জে এ মদ আসে।
বাংলাদেশ সরকার ভর্তুকি দেওয়ায় এখানে প্রতি বস্তা সার ৩০০ টাকায় বিক্রি হয়। অপরদিকে মিয়ানমারে একই সারের দাম পড়ে বস্তা প্রতি ১২০০ টাকা। এ কারনে মিয়ানমারে বাংলাদেশী সারের ব্যাপক চাহিদা রয়েছে। মিয়ানমারের আরাকান রাজ্যের রাখাইন কৃষকরা বাংলাদেশী সারের উপর নির্ভর করে।
কোম্পানীগঞ্জের এক ইউপি চেয়ারম্যান বলেন, সারের ডিলার হওয়া মানে রাতারাতি কোটিপতি হওয়া। এজন্য লাখ লাখ টাকা ব্যয় করে এখানকার ব্যবসায়ীরা ডিলারশিপ নিতে ব্যস্ত হয়ে পড়েন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খোরশেদ আলম বিডিনিউজকে বলেন, পুলিশ মালামাল ও আসামীদের আটক করে আদালতে পাঠালে বিচারক জামিন দিয়ে দেন। এতে পুলিশের কিছুই করার থাকেনা।
