দাবি আদায়ে শিক্ষক নেতারা অনড়, অনিশ্চয়তার মুখে শিক্ষা কার্যক্রম
চলমান শিক্ষক আন্দোলনের ২৯তম দিনে বৃহস্পতিবার শিক্ষক-কর্মচারি ঐক্যজোট অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেছে। অর্থমন্ত্রী শিক্ষকদের চাকুরি জাতীয়করণের দাবিটি যৌক্তিক স্বীকার করে নিয়ে তাদের দাবি পূরণের আশ্বাস দেন।
মুক্তাঙ্গনে সকাল ১১টায় এক সমাবেশ শেষে ঐক্যজোট নেতৃবৃন্দ সচিবালয়ে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরে জোটের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে তিন সদস্যের একটি দল অর্থমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেন। জোট নেতৃবৃন্দ মুক্তাঙ্গনের সমাবেশ থেকে শিক্ষকদের ৬ আগস্টের অবস্থান ধর্মঘটে চিড়া, গুড়, মুড়ি ইত্যাদি প্রয়োজনীয় জিনিস নিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান।
শিক্ষামন্ত্রীর অশোভনীয় আচরণের প্রতিবাদে জাতীয় শিক্ষক - কর্মচারি ফ্রন্ট মুক্তাঙ্গনে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে। এ ছাড়াও ময়মনসিংহের শিক্ষক-কর্মচারিরা এর প্রতিবাদে লাল পতাকা নিয়ে বিশাল ‘ধিক্কার মিছিল’ বের করে।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ফ্রন্টের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ। ফ্রন্টের জাতীয় কমিটি সরকারকে কঠোর ভাষায় সতর্ক করে বলেছে, দাবি না মেনে, প্রতিশ্র“তি পূরণ না করে প্রশাসনের শক্তি দেখিয়ে ধর্মঘট বানচালের চেষ্টা করা হলে তা প্রতিরোধ করা হবে। ৫ আগস্ট জাতীয় প্রেসক্লাবে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষক প্রতিনিধিদের এক সভা অনুষ্ঠিত হবে।
এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির এক অংশের মহাসচিব আব্দুর রহমান বাচ্চুর নেতৃত্বে অবস্থান ধর্মঘট এবং অনশন কর্মসূচি চলছে। এ ছাড়া বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির আরেক অংশের মহাসচিব মনসুর আলীর অংশ মুক্তাঙ্গনে অবস্থান ধর্মঘট করছেন। এর আগে তারা প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পেশ করেন।
এদিকে বিসিএস শিক্ষা সমিতি ৫ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত কর্মবিরতি পালন করবে।
ফলে আবারও শিক্ষক আন্দোলনে রাজধানী মুখর হয়ে উঠছে। সরকারের পক্ষ থেকে দাবি পূরণের প্রতিশ্র“তি দিলেও বিভিন্ন শিক্ষক সংগঠনের দাবি মেনে নেওয়া হয়নি। ফলে শিক্ষা কার্যক্রম আবারও অস্থির হয়ে পড়েছে।
