সাভারে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার ১
সাভার পৌর এলাকার উত্তর জামসিং এলাকায় রোববার রাতে সাভার থানা পুলিশ কিছু অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার এবং এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক মহিলাকে গ্রেফতার করেছে। এসময় ওই বাড়ি থেকে আরিফুল ইসলাম আরিফ (৩০) নামে অপহৃত এক ব্যবসায়ীকে পুলিশ উদ্ধার করেছে।
উদ্ধারকৃত মালামালগুলো হচ্ছে অস্ত্র তৈরির মেশিন, টু টু বোর রিভলবারের ৬ রাউন্ড গুলি, ২টি ধারালো অস্ত্র এবং পিস্তল তৈরির বেশ কয়েকটি নকশা ও আরও কিছু সরঞ্জাম।
গ্রেফতারকৃত মহিলার নাম তাসলিমা (২০)। তিনি অস্ত্র কারখানার মালিক আজাদের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, পৌর এলাকার উত্তর জামসিং মহল্লার একটি বাড়ি ভাড়া নিয়ে মুন্না ও তার স্ত্রী শিল্পী এবং আরও কয়েকজন মাদক ব্যবসা ও বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছিল। সর্বশেষ আশুলিয়া এলাকার জামগড়া থেকে শনিবার রাতে ব্যবসায়ী আরিফকে অপহরণ করে নিয়ে আসে তারা। এলাকাবাসী পুলিশে খবর দিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহত ওই ব্যবসায়ীকে সাভার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। জানা গেছে, তাকে অপহরণের পর মুক্তিপণ হিসেবে তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবি করেছিল সন্ত্রাসীরা। কিন্তু টাকা না পেয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
পুলিশ রোববার রাতে ওই বাড়িতে অভিযান চালালে অন্য সন্ত্রাসীরা পালিয়ে গেলেও এলাকাবাসী ও পুলিশ ধাওয়া করে সন্ত্রাসী আজাদের স্ত্রী তাসলিমাকে ধরে ফেলে। ওই বাড়ি থেকে পুলিশ গুলি ও অস্ত্র তৈরির বেশকিছু সরঞ্জামাদি উদ্ধার করে।
পুলিশ জানায়, সন্ত্রাসী মুন্না ও শিল্পী সাভার পৌর এলাকার ছোট বালিমোহর, খসরুবাগ, বুদ্দুরটেক, হলার পুকুর পাড়, ইমান্দিপুর, মজিদপুর ও ব্যাংক কলোনীতে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। মুন্নার বিরুদ্ধে সাভার থানায় অনেক মামলা রয়েছে।
এ ব্যাপারে সাভার থানায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
