পরীক্ষা পেছানোর দাবিতে বুয়েটে ফের আন্দোলন, কর্তৃপক্ষ অনড়
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা আবারো পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনে নেমেছে। পরীক্ষার যথেষ্ট প্রস্তুতি না থাকার অজুহাতে বুয়েটের শিক্ষার্থীরা রোববার এই আন্দোলনে নামে।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্বকাপ খেলার জন্য একবার প্রায় একমাস পরীক্ষা পেছানো হয়। তবে এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা না পেছানোর ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।
পরিস্থিতি শান্ত রাখতে ক্যাম্পাসে ব্যাপক পরিমান পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড.আলী মুর্ত্তাজা রোববার পরীক্ষা পেছানো হবে না এবং নির্দিষ্ট শিডিউল অনুযায়ীই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আন্দোলনরত শিক্ষার্থীদের জানান।
তিনি সাংবাদিকদের বলেন, অল্প কয়েকজন শিক্ষার্থীর এ আন্দোলন অযৌক্তিক। তারা নিজেরাই নিজেদের দাবি কি তা জানে না। একমাস আগেই পরীক্ষার শিডিউল দেওয়া হয়েছে। তাদেরকে নির্ধারিত বিরতিও দেওয়া হয়েছে।
তিনি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন বলে জানান।
ক্যাম্পাস সূত্র জানায়, রোববার দুপুরে অনুষ্ঠিত সিন্ডিকেট বৈঠকেও পরীক্ষা শিডিউল অনুযায়ী নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী ১ আগস্ট থেকে সকল টার্ম ফাইনাল পরীক্ষা শুরু হবে।
’০৩ ব্যাচের দুজন ছাত্রকে সাসপেন্ড করার গুজবে রোববার সকালে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। আন্দোলনরত শিক্ষার্থীরা সকালে পাঁচটি ভবনে তালা ঝুলিয়ে দেয়। ইলেক্ট্রিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ভবন, ড. রশীদ ভবন, সিভিল ভবন, ব্যাংক গেইট এবং উপাচার্যের বাসভবন সংলগ্ন ৫ নং গেইটে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
পরে সকাল সাড়ে ৮ টায় প্রশাসনের পক্ষ থেকে এসব তালা ভেঙে ফেলা হয়। শিক্ষার্থীরা সকাল ৭ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত প্রধান সড়ক অবরোধ করে রাখে।
উপাচার্য অধ্যাপক আলী মুর্ত্তাজা এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার পরিচালক অধ্যাপক মনোয়ার হোসেন শিক্ষার্থীদের কাছ থেকে নাম -- পরিচয় সংগ্রহ করার চেষ্টা করেন।
এর আগে শনিবার সকালে শিক্ষার্থীরা একই ইস্যুতে প্রধান ফটকের বন্ধ করে তিন ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। এরপরেই কর্তৃপক্ষ প্রধান ফটক কেটে ফেলে। ফলে এখন বিশ্ববিদ্যালয়ের মূল ফটকটি আর নেই।
