২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সোনালী ব্যাংকে ডাকাতি: ১০ লক্ষাধিক টাকা লুট, কেম্পানীগঞ্জে গণ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার

কুমিল্লা শহরের লাকসাম রোডের সোনালী ব্যাংক কুমিল্লা শিক্ষা বোর্ড শাখায় শনিবার গভীর রাতে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2006, 07:29 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

ডাকাতরা ষ্ট্রং রুমের ভোল্টের তালা ভেঙ্গে ১০ লক্ষাধিক টাকা ও একটি থ্রি নট থ্রি রাইফেল লুট করে নিয়ে গেছে।

পুলিশ এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ব্যাংকের ওয়াচ এন্ড ওয়ার্ড আব্দুস সালাম ও সুইপার ভানু চন্দ্রকে গ্রেপ্তার এবং ক্যাশিয়ার মো. শাহ আলম ও সহকারী কেয়ারটেকার গোলাম জিলানীকে আটক করেছে।

সংশ্লিষ্ট ব্যাংক ও পুলিশ জানায়, বৃহস্পতিবার ষ্ট্রং রুমের ভোল্টে নগদ ১০ লাখ দুই হাজার ছয় শত ৮৫ টাকা রেখে ব্যাংকের কর্মকর্তা কর্মচারী অফিস শেষে যার যার মত চলে যান।

রোববার সকালে ম্যানেজার রঞ্জিত কুমার দেবনাথ ব্যাংকে এসে দেখেন ভোল্টের তালা ভাঙ্গা।  পুলিশে খবর দিলে পুলিশ এসে ভেতরে ঢুকে দেখেন ভোল্টে রাখা কোন টাকাই নেই।

গ্রেপ্তারকৃত আব্দুস সালাম বলেন, রাতে ডিউটিতে থাকার কথা থাকলেও তিনি ডিউটিতে ছিলেন না।

পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি বলেন, শুক্রবার সহকারী কেয়ারটেকার গোলাম জিলানী ও পার্টটাইম সুইপার ভানু চন্দ্র তার বাড়িতে গিয়ে বাইন্ডিং করার কথা বলে তার কাছ থেকে ব্যাংকের প্রধান ফটকের চাবি নিয়ে আসে।

পুলিশ সুপার মো. আব্দুল মান্নান জানান, ঘটনার সাথে সুইপার ভানু ও আব্দুস সালামের জড়িত থাকার বিষয়টি প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছিল।

অপরদিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের চারটি বাড়িতে শনিবার রাতে গণ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছে এবং পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন, সিরাজপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মহিন উদ্দিন (২২), আহছান উল্যাহ বাহার (১৯), জামসেদ ইকবাল শিবলু (২০) মোহাম্মদ নগর গ্রামের সোহেল (২০) ও সালাম (২১)।

এলাকাবাসী জানায়, বসুরহাট পৌরসভা ৩ নং ও ৯ নং ওয়ার্ডের চারটি বাড়িতে গণডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা এসময় ১৫ ভরি স্বর্ণলঙ্কারসহ পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।