২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রোবাংলা -- নাইকো গ্যাস ক্রয় বিক্রয় চুক্তি সোমবার

দীর্ঘ বির্তক শেষে সোমবার ফেনী গ্যাস ফিল্ডের গ্যাস কেনার জন্যে পেট্রোবাংলার সাথে নাইকো রিসোর্সেস বাংলাদেশ লিমিটেডের গ্যাস ক্রয় বিক্রয় চুক্তি (জিপিএসএ) স্বাক্ষর হতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2006, 06:37 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

সরকারের বেধে দেওয়া প্রতি হাজার ঘনফুট (এমসিএফ) গ্যাসের দাম ১ দশমিক ৭৫ মার্কিন ডলার মেনে নিয়ে নাইকো এ চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বলে সরকারি কর্মকর্তারা জানান।

জ্বালানি মন্ত্রণালয়ের অনুরোধে কোনো চুক্তি ছাড়াই নাইকো প্রায় দু’ বছর আগে পেট্রোবাংলাকে গ্যাস সরবরাহ দিতে শুরু করে। কিন্তু এই দীর্ঘ সময়ে দাম নির্ধারণে দু’ পক্ষ সম্মত হতে না পারায় চুক্তি স্বাক্ষর হয়নি।

দাম নিয়ে নেগোসিয়েশনের এক পর্যায়ে সরকারের পক্ষ থেকে প্রতি এমসিএফ গ্যাসের দাম ২ দশমিক ১০ ডলার প্রস্তাব করা হয়। কিন্তু নাইকো ২ দশমিক ৩৫ ডলার দাম দাবি করে।

এর মধ্যে তৎকালীন জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন পদত্যাগ করলে পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ে। সর্বশেষ জ্বালানি মন্ত্রণালয় নাইকোকে প্রতি এমসিএফ গ্যাসের জন্যে ১ দশমিক ৭৫ মার্কিন ডলারদাম প্রস্তাব করে। 

গত মার্চ মাসে সরকারের দেওয়া এই দামের প্রস্তাবে নাইকো রাজি হয়। কিন্তু সেই সাথে কোম্পানিটি শর্ত দেয় চুক্তি হবে অন্তর্বর্তী কালের জন্যে, এর মেয়াদ হবে ২০০৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এরপর সরকারের সাথে নাইকোর সমঝোতার ভিত্তিতে নতুন দাম নির্ধারণ করা হবে। এছাড়া নাইকোর অরবিট্রেশনে যাওয়ার অধিকারের একটি ধারা জিপিএসএ’র সাথে যুক্ত করার কথা বলে নাইকো। 

কিন্তু নাইকোর এ প্রস্তাবে রাজি হয়নি জ্বালানি মন্ত্রণালয়। অবশেষে নাইকো শর্ত প্রত্যাহার করে সরকারের নির্ধারিত দামে চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে।