ইবি’র অচলাবস্থা নিরসনের আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত উপাচার্য
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ এস এম আনোয়ারুল করিম বলেছেন, শিক্ষকদের উচিত বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ও ছাত্রছাত্রীদের ভবিষ্যত চিন্তা করে ক্লাস - পরীক্ষা বর্জন কর্মসূচি প্রত্যাহার করা।
তিনি ক্লাস- পরীক্ষা বর্জনের মাধ্যমে ছাত্রছাত্রীদের জিম্মি করে আন্দোলন না করার জন্য শিক্ষকদের প্রতি উদাত্ত আহবান জানান।
শনিবার ভারপ্রাপ্ত উপাচার্যের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, শিক্ষকদের এ ধরনের কর্মসূচি ছাত্রছাত্রীদের দুর্ভোগ এবং সেশন জট বাড়িয়ে দেয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আমাকে এর দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন উপাচার্য নিয়োগ হলেও আমি আগের দায়িত্বে ফিরে যাব’।
গত ১৯ মে নিয়োগ সংক্রান্ত জটিলতার জের ধরে ৯ জুলাই উপাচার্য অধ্যাপক এম রফিকুল ইসলাম পদত্যাগ করার পর শিক্ষা মন্ত্রণালয় থেকে কোষাধ্যক্ষ আনোয়ারুল করিমকে অতিরিক্ত উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নতুন উপাচার্য নিয়োগের দাবিতে ১৯ জুলাই থেকে লাগাতার ক্লাস - পরীক্ষা বর্জন করে আসছেন। গত ১০দিন শিক্ষকদের এ আন্দোলনে বিশ্ববিদ্যালয় একেবারেই অচল হয়ে পড়েছে।
এদিকে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ সিরাজুল হক বলেন, নতুন উপাচার্য নিয়োগ দেয়ার পর তাদের কর্মসূচি প্রত্যাহার করা হবে।
ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী ও ছাত্রদল শিক্ষকদের আন্দোলন প্রত্যাহারের দাবি জানিয়েছে।
