ছাত্রী নিপীড়নের দায়ে সিন্ডিকেট থেকে বহি®কৃত শিক্ষকের কাজে যোগদান নিয়ে রাবিতে আবারও আন্দোলনের হুমকি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের এক ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে সিন্ডিকেট থেকে বহি®কৃত ওই বিভাগের শিক্ষক ড. নুরুল আমিনের পুনরায় কাজে যোগদান করাকে কেন্দ্র করে আবারও আন্দোলন দানা বেঁধে উঠার আশংকা দেখা দিয়েছে।
হাইকোর্ট নুরুল আমিনের ওপর থেকে সাময়িক বহিষ্কারাদেশ তিন মাসের জন্য স্থগিত করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে বিভাগে যোগদানের অনুমতি দিয়েছে।
হাইকোর্টের এই ঘোষণায় ক্ষোভ প্রকাশ করে আবারো কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছে বিভাগীয় শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, উদ্ভিদবিদ্যা বিভাগের এক ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে গত ১০ মে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় নুরুল আমিনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৫ জুন অভিযুক্ত শিক্ষক হাইকোর্টে একটি রীট আবেদন করেন এবং চলতি মাসের ১১ তারিখ হাইকোর্ট বহিষ্কারাদেশ তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেন এবং কেন তাকে বহিস্কার করা হলো এই মর্মে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কারণ দর্শানোর নোটিশ জারি করেন।
উপাচার্য প্রফেসর এম. আলতাফ হোসেন এবং রেজিস্ট্রার আব্দুস সালাম জানান, তারা হাইকোর্টের রায়ের কপি পেয়েছেন। যেহেতু কোর্ট নুরুল আমিনের বহিষ্কারাদেশ স্থগিত ঘোষণা করেছে তাই বিভাগে যোগ দিতে তাঁর কোনো অসুবিধা নেই।
এ বিষয়ে নুরুল আমিনকে চিঠি দেয়া হয়েছে বলে উপাচার্য জানান।
এদিকে সিরাজুল ইসলাম, মাহমুদুল হক ফারুক এবং আবদুল বারী বিদ্যুৎসহ বেশ কয়েকজন সাধারণ ছাত্র হাইকোর্টের এই ঘোষণায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ওই শিক্ষক পুনরায় কাজে যোগ দিলে তারা আবার আন্দোলন শুরু করবেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ড. নুরুল আমিন জানান, ‘যেহেতু কোর্ট আমার বহিষ্কারাদেশ স্থগিত করেছে তাই যেকোন সময় আমি বিভাগে যোগ দিতে পারি।’ তবে বুধবার পর্যন্ত তিনি কাজে যোগ দেননি বলে জানা গেছে।
