২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আম পঁচন রোধে আবিস্কৃত হলো নতুন যন্ত্র, বারি আম--৪ নামের নতুন জাতের আম উদ্ভাবন

বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা এবার আম পঁচন রোধে সম্পূর্ণ দেশীয় উপকরণ ব্যবহার করে একটি যন্ত্র এবং বারি আম--৪ নামের নতুন এক জাতের আম উদ্ভাবন করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2006, 10:07 AM

Updated : 26 Apr 2022, 03:49 PM

বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ক্ষিরোদ চন্দ্র রায় এবং চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যান তত্ত্ব বিশেষজ্ঞ ড. ইত্তেফাকুল আজাদের দীর্ঘ দিনের যৌথ প্রচেষ্টায় যন্ত্রটি উদ্ভাবিত হয়। এছাড়া বারি -- ৪ নামের নতুন আমটির উদ্ভাবন করেন চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা জমির উদ্দীন।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে কেন্দ্রের মূখ্য বৈজ্ঞনিক কর্মকর্তা ড. একে এম আনোয়ার হাবীবের সভাপতিত্বে আঞ্চলিক উদ্যান কেন্দ্রে মাঠ দিবসে কৃষকদের নিয়ে গরম পানিতে আম ট্রিটমেন্ট ও বারি আম--৪ এর পরিচিতি অনুষ্ঠিত হয়।

এ সময় যন্ত্রটি সম্পর্কে ওই দুই বিজ্ঞানী জানান, আমের গায়ে ছড়ানো ছিটানো দাগের কারণে আমে পঁচন ধরে এবং বোঁটার কাছেও পঁচন ধরে। এছাড়া ছত্রাক ধ্বংস করার জন্য আমে ক্ষতিকারক কীটনাশক প্রয়োগ করা হয়। এসব দিক বিবেচনা করেই ওই যন্ত্রটি আবিস্কার করা হয়।

তারা আরও জানান, এই যন্ত্রের সাহায্যে এক ঘন্টায় এক হাজার কেজি আম শোধন করা সম্ভব এবং এতে খরচ হবে মাত্র ৮৫ টাকা। এছাড়া যন্ত্রটি বানাতে খরচ হবে ৭০ থেকে ৮০ হাজার টাকা।

এই যন্ত্র ব্যবহারের পর ব্যবহৃত আমগুলো কমপক্ষে ১৫ দিন রাখা যাবে। এছাড়া পাকা আমের রং উজ্জ্বল হবে এবং সবুজ আমের রংও কিছুটা হলুদ হবে বলে তারা দাবি করেন।

তারা আশা করেন, এই পদ্ধতির মাধ্যমে দেশীয় বাজার ও আন্তর্জাতিক বাজারে আমের গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যাবে।

অপরদিকে, বারি আম--৪ সম্পর্কে এর উদ্ভাবক জানান, আশ্বিনা আম টক এবং সবশেষে পাকে। এছাড়া এর সঠিক দামও কৃষকরা পায়না। এসব দিক বিবেচনা করে আমেরিকার এম ৩৮৯৬ জাতকে বাবা ও দেশী জাত আশ্বিনাকে মা নির্ধারণ করে সংকরায়ন করে এই আম উদ্ভাবন করা হয়েছে। এর গাছ উচ্চতায় ছোট এবং আম মিষ্টি। এছাড়া জুলাই মাসের শেষের দিকে এই আম পাকে এবং প্রতিবছরই এর ফলন হয়।

এই আমের ফলে বাণিজ্যিকভাবে আম চাষীরা লাভবান হবে বলে তারা আশাবাদী।

উল্লেখ্য শুধু চাঁপাইনবাবগঞ্জ জেলাতেই প্রায় দেড় লক্ষ টন আম উৎপাদন হয়। এর মধ্যে ২৭ ভাগ আমই পচে যায়।