বনদস্যুদের সাথে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধ, ২ ডাকাত নিহত, ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার
সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যু মোতালেব বাহিনীর সংঘর্ষে দুই ডাকাত নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরে মুরলী নদীর খাসিটানা এলাকায় এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ডাকাতদের ফেলে যাওয়া দুটি ট্রলার থেকে কোস্টগার্ড ৫টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে, দুটি বিদেশী ও তিনটি দেশী বন্দুক, ৭ রাউণ্ড গুলি, বন্দুকের ১৮টি খালি কার্তুজ এবং দুটি ম্যাগজিন। গোলাগুলির এক পর্যায়ে ডাকাতরা ট্রলার দুটি ফেলে সুন্দরবনে ঢুকে পড়ায় কাউকে গ্রেফতার করা যায়নি।
কোস্টগার্ড পশ্চিম জোনের কমাণ্ডেন্ট কমাণ্ডার মো: আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় টহলরত কোস্টগার্ডের একটি দল মঙ্গলবার বেলা ১২টার দিকে দুটি ট্রলারে থাকা মোতালেব বাহিনীর ১৪-১৫ জন ডাকাততে চ্যালেঞ্জ করে। এ সময় ডাকাতরা কোস্টগার্ডকে উদ্দেশ্য করে গুলি ছুঁড়তে লাগলে কোস্টগার্ডও পাল্টা জবাব দেয়। প্রায় আধাঘন্টা ধরে উভয়পক্ষে শতাধিক রাউণ্ড গুলি বিনিময়ের পর ডাকাতরা ট্রলার ফেলে হতাহত সহযোগীদের নিয়ে বনে ঢুকে যায়।
কমাণ্ডার আনোয়ার জানান, ডাকাতদের মধ্যে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে এবং অন্তত দুই জন মারা গেছে বলে তারা আশঙ্কা করছেন।
প্রসঙ্গত সুন্দরবনসহ বঙ্গোপসাগরে বনদস্যু ও জলদস্যুদের অব্যাহত তৎপরতার মুখে গত ১৩ জুলাই থেকে নৌবাহিনী ও কোস্টগার্ড সেখানে যৌথ অভিযান চালাচ্ছে।
