কর্নেল তাহেরের ৩০ তম মৃত্যূবার্ষিকীতে হত্যার বিচারের দাবি পুনর্ব্যক্ত
কর্নেল আবু তাহের বীর উত্তম হত্যার বিচারের দাবি পুনর্ব্যক্ত করে শুক্রবার তার ৩০ তম মৃত্যূবার্ষিকী পালিত হয়েছে। কর্নেল তাহেরের মৃত্যূ বার্ষিকী পালনে জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু), কর্নেল তাহের সংসদসহ বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে।
এসব কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, শিশুকিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক -- ইত্যাদি।
কর্নেল তাহেরের মৃত্যূ বার্ষিক পালনে জাসদ (ইনু) ১০ দিন ব্যাপী কর্মসূচির শেষ দিনে শুক্রবার দলীয় কার্যালয়ের কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকতের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি কর্নেল (অব.) শওকত আলী এমপি প্রমুখ।
কর্নেল তাহের সংসদ বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে আয়োজন করে পৃথক এক আলোচনা সভার। ‘কর্নেল তাহের হত্যার বিচার: আন্দোলন ও আইনগত প্রক্রিয়া’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলৎজ, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের (ইনু) সহ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া প্রমুখ।
বাংলাদেশ গরীব মুক্তি আন্দোলন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা ইউনিয়নের যৌথ উদ্যোগে রাজধানীর ২৭/১১/৩ -- এ তোপখানা রোড এলাকায় একটি স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গরীব মুক্তি আন্দোলন -- এর আহ্বায়ক কমরেড শামসুজ্জামান মিলনের সভাপতিত্বে স্মরণ সভায় আলোচনা করেন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, নজরুল ইসলাম রেনু, বাবুল বিশ্বাস, সাঈদ আহমেদ, জাকির হাসান হাদি প্রমুখ।
সভায় বক্তারা অভিযোগ করে বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশি-বিদেশি ষড়যন্ত্র ও সাম্রাজ্যবাদ-পুঁজিবাদের স্বার্থে ১৯৭৬ সালের ২১ জুলাই সামরিক আইনে কর্ণেল আবু তাহেরকে ফাঁসি দেন। তারা বলেন, সাধারণ আইনের বিধিমতে একজন পঙ্গুঁ লোককে ফাঁসি দেয়া যায়না, সেখানে তিনি ছিলেন একজন বীরউত্তম মুক্তিযোদ্ধা।
এ সব আলোচনা সভা থেকে মহান মুক্তিযুদ্ধ ও ১৯৭৫ এর সিপাহী -- জনতার অভ্যূত্থানের অন্যতম সংগঠক কর্নেল তাহের হত্যার তদন্ত ও বিচার দাবি করা হয়। একই সঙ্গে দাবি করা হয় সকল রাজনৈতিক নেতাদের হত্যার বিচার।
