জয়পুরহাটের উচ্না সীমান্তে বিডিআর বিএসএফ গুলি বিনিময়
জয়পুরহাটের উচ্না সীমান্তে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।
বিডিআর জানায়, জয়পুরহাটের উচ্না সীমান্তের ২৮১/৯-১০ পিলারের কাছে সকাল ৬ টায় বাংলাদেশী চোরাচালানীরা পুরাতন কাপড় ভারতে পাচার করার সময় বিডিআর সেগুলো আটক করে।
এ সময় বিএসএফ তা ছিনিয়ে নেবার চেষ্টা করলে বিডিআর ও স্থানীয় বাংলাদেশীরা বাধা দেয়। এক পর্যায়ে বিএসএফ তিন বাংলাদেশীকে বেদম মারধর করে ও তিন রাউন্ড গুলি বর্ষণ করে। জবাবে বিডিআর সাত রাউন্ড গুলি ছুঁড়লে বিএসএফ আবারও ১০ রাউন্ড গুলি ছোঁড়ে।
জয়পুরহাটের ২৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক জানান, বিএসএফ ভারতীয় সীমান্তে সৈন্য বৃদ্ধি করেছে। পরিস্থিতি মোকাবেলায় বিডিআরও সতর্ক অবস্থায় রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
