২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাটা বাংলাদেশে ৬ থেকে ৮ মাস পরিস্থিতি পর্যবেক্ষণ করবে

ভারতীয় বৃহৎ শিল্পগোষ্ঠী টাটা গ্র“প বাংলাদেশে তার তিনশ’ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব স্থগিত করলেও আগামী ৬ থেকে ৮ মাস তারা বাংলাদেশের এ বিষয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2006, 08:19 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

“আমরা পরিস্থিতি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করছি এবং আগামী ৬ থেকে ৮ মাস পর্যন্ত আমরা এ বিষয়ে পর্যবেক্ষণ চালিয়ে যেতে চাই” বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি (বিসিআই) সভাপতি একে আজাদের সাথে তার কার্যালয়ে বৈঠককালে মঙ্গলবার টাটা গ্র“পের আবাসিক পরিচালক এম মানজের হোসেন এ কথা বলেন।

সরকারের সচিব পর্যায়ের কমিটি এ সক্রান্ত রিপোর্ট পেশ করার দুই দিন পর ওই মন্তব্য করেন তিনি। এর আগে ১০ জুলাই টাটা বাংলাদেশ সরকারের পক্ষে সিদ্ধান্ত নিতে অস্বাভাবিক দেরি করার কারণে তার বিনিয়োগ প্রস্তাবটি বাতিল ঘোষণা করে।

৯ ও ১০ জুলাই সরকারের উচ্চ পর্যায়ের সাথে বৈঠকে টাটার নেতৃবৃন্দ ‘নির্বাচনকে সামনে রেখে স্পর্শকাতর বিষয়টিতে সরকার সহসাই সিদ্ধান্ত নিচ্ছে না’ এমন ইঙ্গিত পাওয়ার পর বিনিযোগ প্রস্তাবটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

মানজের হোসেন বলেন, আমরা বুঝতে পেরেছি নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি আরও বলেন, আমরা এ প্রস্তাবের বিষয়ে আশাবাদী, সরকার যখন আমাদের ডাকবে তখনই আমরা ফিরে আসবো।

তিনি বলেন, বাংলাদেশ ও টাটা গ্র“প উভয় পক্ষেরই এ বিনিয়োগের বিষয়ে আগ্রহ রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পর্যালোচনা চালানোর পরেই আমরা বাংলাদেশে আসি।

টাটার এই উর্ধতন কর্মকর্তা বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনগুলোর সাথে ধারাবাহিক আলোচনা কর্মসূচির অংশ হিসেবে বিসিআই চেয়ারম্যানের সাথে বৈঠক করেন। পরে টাটা তার বিনিয়োগ আগ্রহের সার, বিদ্যুৎ, কয়লা ও স্টিল খাতের ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে আলোচনা করবে।

টাটার আবাসিক পরিচালক দাবি করেন ওই বিনিয়োগ সম্ভব হলে বাংলাদেশে কেবল ১২ হাজার লোকের কর্মসংস্থান হবে তাই নয় এর জন্যে বাংলাদেশকে গ্যাসের জন্যে সর্বোচ্চ দর প্রদানেরও প্রস্তাব করা হয়েছে।