আশুগঞ্জ - মনোহরদি সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ শুরু
আশুগঞ্জ - মনোহরদি উচ্চ চাপের পাইপলাইনে গ্যাস সঞ্চালন শুরু হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপদেষ্টা মাহমুদুর রহমান রোববার আশুগঞ্জে ৩৭ কিলোমিটার দীর্ঘ ৩০ ইঞ্চি ব্যসের এই লুপ লাইনে গ্যাস সঞ্চালন কাজের উদ্বোধন করেন।
তিনি জানান, ধনুয়া থেকে আশুলিয়া পর্যন্ত আরও একটি উচ্চচাপের সঞ্চালন লাইনের কমিশনিংও এ মাসের মধ্যেই শেষ হবে। চট্টগ্রাম অঞ্চলে প্রয়োজনীয় চাপে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বাখরাবাদ গ্যাস ফিল্ডে কমপ্রেসর বসানোর কাজ শেষ হবে অক্টোবরের মধ্যে।
আশুগঞ্জ - মনোহরদি লুপ লাইন নির্মাণের ফলে ঘোড়াশাল ও ঢাকা শহরের পার্শ্ববর্তী এলাকায় স্থাপিত ও স্থাপিতব্য বিদ্যূৎ কেন্দ্রসমূহে চাহিদা মোতাবেক গ্যাস সরবরাহ সম্ভব হবে। এ ছাড়া ঢাকা ইপিজেড এলাকায় গ্যাস ভিত্তিক সার কারখানা ও ছোট / বড় শিল্পের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় চাপে গ্যাস সরবরাহের সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে জ্বালানি সচিব এ এম এম নাসির উদ্দিন, পেট্রোবাংলা চেয়ারম্যান মোশাররফ হোসেইন ভূঁইয়া, জিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক মনজুর মোর্শেদ তালুকদার, পাইপ লাইন র্নিমাতা প্রতিষ্ঠান ক্যাসেল কনস্ট্রাকশনের এমডি কাজী শাহেদ আহমেদ উপস্থিত ছিলেন।
