২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংক এখনও বিডি ফুডসের ব্যাংকিং লেনদেনের তথ্য দিতে পারেনি

বাংলাদেশ ব্যাংক শনিবার পর্যন্ত যুক্তরাজ্যে বিডি ফুডস লিমিটেডের হেরোইন পাচার ঘটনা তদন্তে গঠিত কমিটিকে মূল কোম্পানি এবং এর নয়টি অঙ্গ প্রতিষ্ঠানের ব্যাংকিং কার্যক্রমের তথ্য জানাতে পারেনি। তদন্ত দলের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

ওই তদন্ত দলের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজকে বলেন, বাংলাদেশ ব্যাংককে দুই মাস আগে বিডি ফুডস ও এর অঙ্গ প্রতিষ্ঠানের ব্যাংকিং লেনদেনের ব্যাপারে তথ্য দিতে বলা হয়েছিল। এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

একজন তদন্ত কর্মকর্তা শনিবার বিডিনিউজকে বলেন, তথ্য দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের ঢিলেমির কারণে বুধবার আমরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে আমাদের নির্ধারিত বৈঠক বাতিল করতে বাধ্য হয়েছি।

সিআইডির এসপি ইব্রাহিম ফাতেমীর নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটির অনুরোধে বাংলাদেশ ব্যাংক বিডি ফুডস লিমিটেডের লেনদেনের তথ্য দেওয়ার পদক্ষেপ নেয়।

যুক্তরাজ্যে ৭৫ কেজি ৫০০ গ্রাম হেরোইন পাচারের দায়ে দুই মাস আগে তদন্তকারীরা বাংলাদেশ ব্যাংকের কাছে বিডি ফুডস লিমিটেড ও এর নয়টি অঙ্গ প্রতিষ্ঠানসহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকিং তথ্য চায়।

নাম প্রকাশে অনিচ্ছুক তদন্তকারী দলের এক সদস্য বিডিনিউজকে বলেন, বাংলাদেশ ব্যাংক আমাদেরকে ২,৫০০ পৃষ্ঠার একটি রিপোর্ট পাঠিয়েছে। সেখান থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা আমাদের জন্য অসম্ভব একটা ব্যাপার। আর এ কারণেই আমরা তাদেরকে একটি সংক্ষিপ্ত রিপোর্ট দিতে অনুরোধ করি। কিন্তু তারা আমাদেরকে এখনো তা দেয়নি।

সিআইডি’র একটি সূত্র জানায়, কারা, কিভাবে হেরোইন পাচার করেছে এবং কোন কোন কোম্পানি এতে সম্পৃক্ত ছিল তার একটি পরিস্কার চিত্র তদন্তকারীদের কাছে রয়েছে।

একজন তদন্তকারী দাবি করেন, আমরা লন্ডন ও পাকিস্তানে এ ঘটনার মূল হোতা মমিনের চক্রের সন্ধানও পাওয়া গেছে।

তিনি বলেন, আমরা এখনও পর্যন্ত বিডি ফুডসের ব্যাংকিং কার্যক্রমের তথ্য ও ব্রিটিশ কর্তৃপক্ষের প্রমাণ হাতে পাইনি। তিনি জানান, বিডি ফুডসের হেরোইন পাচারের ঘটনা তদন্তে দুজন তদন্তকারী কর্মকর্তাসহ তদন্ত দলের পাঁচ সদস্য এ মাসে যুক্তরাজ্যে যেতে পারেন।

উল্লেখ্য, গত বছরের মে মাসে ব্রিটিশ সরকারের অনুরোধে বাংলাদেশ কর্তৃপক্ষ মাদক দ্রব্য পাচারের একটি চক্রের সন্ধান পায়।

এর আগে ব্রিটিশ সরকার সাউদাম্পটন ও ফেলিক্সটো বন্দরে বাংলাদেশ থেকে যাওয়া একটি চালানে অবৈধ ড্রাগের সন্ধান পায়। এরপর ২০০৫ সালের মে মাসে ব্রিটিশ সরকার বাংলাদেশকে বিষয়টি তদন্তের অনুরোধ জানায়।

একই সময়ে জাতিসংঘের ড্রাগ ও ক্রাইম বিষয়ক কার্যালয় ২০০৫ সালের বিভিন্ন সময়ে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে যুক্তরাজ্যে যাওয়া তিনটি চালানে ৭৫ কেজি ৫০০ গ্রাম হেরোইন পাচার ঘটনার তদন্তে নামে।     

তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে ব্রিটিশ শুল্ক কর্তৃপক্ষ পাঁচটি কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আনলে সিআইডি আরো কিছু কোম্পানির বিরুদ্ধে হেরোইন পাচার অভিযোগের সুযোগ পায়।