২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নার্সিং শিক্ষা কার্যক্রমে সংশোধনী আনা হচ্ছে

দেশের নার্সিং শিক্ষার কারিকুলামে সংশোধনী আনা হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ সংক্রান্ত একটি সভা বুধবার অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2006, 08:06 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

নতুন কারিকুলামে নার্সিং কোর্সে ভর্তির যোগ্যতা নূন্যতম এইচএসসি করা হয়েছে। এতে ইংরেজি শিক্ষার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।                              

সভাপতির বক্তৃতায় ড. মোশাররফ বলেন, নতুন কারিকুলামে নার্সিং সার্ভিসের প্রতি জনগণের প্রত্যাশা পূরণের সাথে সাথে বহির্বিশ্বেও নার্সদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। ইউরোপ -- আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশে নার্সের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু ইংরেজি শিক্ষায় দুর্বলতার কারণে সে সকল দেশে আমাদের নার্সরা কাজ করার সুযোগ পাচ্ছেন না। বৈঠকে নার্সিং শিক্ষাকে ডিপ্লোমা ও স্নাতক-- এ দু’স্তর বিশিষ্ট করার প্রস্তাব করা হয়েছে। আগে এটি এক স্তর বিশিষ্ট ছিল। এসএসসি পাস শিক্ষার্থীদের তিন বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার পর এবং এইচএসসি পাস শিক্ষার্থীদের সরাসরি বিএসসি নার্সিং কোর্সে ভর্তির সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন-- স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিন্হা, স্বাস্থ্য সচিব একেএম জাফর উল্লা খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. শাহাদত হোসেন, বিএমএ’র মহাসচিব অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. দুয়াংবেদী সংখোবল, স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ডা. শেফায়েত উল্লাহ, সেন্টার ফর মেডিক্যাল এডুকেশনের পরিচালক অধ্যাপক ফাতেমা পারভীন চৌধুরী এবং নার্সিং সার্ভিসের পরিচালক ও বাংলাদেশ নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ।