ভারত মহাসাগরীয় সুনামি পূর্বাভাস ব্যবস্থা চালু
ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রারম্ভিক সুনামি পূর্বাভাস ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এখন থেকে সমগ্র ভারত মহাসাগর অঞ্চলে এ ব্যবস্থার মাধ্যমে ২৪ ঘণ্টা ধরে সুনামি পূর্বাভাস এবং এ সংক্রান্ত পরামর্শ বিতরণ করা হবে। ২০০৪ সালের ডিসেম্বরে ভয়াবহ সুনামির দেড় বছর পর এ ব্যবস্থা প্রতিষ্ঠিত হল।
ইউনেস্কোর মহাসচিব কোইচিরো মাৎসুরা ঘোষণা করেন, ভারত মহাসাগরীয় সুনামি পূর্বাভাস ব্যবস্থা পূর্বনির্ধারিত সময়েই চালু হয়েছে। ইউনেস্কোর ইন্টারগভার্নমেন্টাল ওশানোগ্রাফিক কমিশনের (ইউনেস্কো -- আইওসি) নির্বাহী পরিষদে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ ঘোষণা দেন। ঢাকায় শনিবার প্রাপ্ত খবরে এ তথ্য জানা যায়।
ভারত মহাসাগরীয় পূর্বাভাস ব্যবস্থা আইওসির গ্লোবাল নেটওয়ার্কের অন্যতম অংশ। পর্যায়ক্রমে উত্তরপূর্ব আটলান্টিক, ভূমধ্যসাগর ও সংলগ্ন অন্যান্য সাগর, ক্যারিবীয় সাগর অঞ্চলের বাস্তবায়নাধীন পূর্বাভাস ব্যবস্থাকে এর আওতায় নিয়ে আসা হবে।
মাৎসুরা বলেন, ২০০৬ সালের শেষ দিকে ভারত মহাসাগরীয় সুনামি পূর্বাভাস ব্যবস্থা আরও দ্রুত সুনামিজনিত ভূমিকম্প সতর্কতা প্রদানে সক্ষম হবে। ইতোমধ্যে ভারত মহাসাগরীয় দেশগুলোতে ২৮টির মধ্যে ২৬টি সুনামি তথ্য কেন্দ্রকে সুনামি পূর্বাভাস ও পরামর্শ প্রদানের জন্যে প্রস্তুত করে গড়ে তোলা হয়েছে।
