কেয়ার’র পল্লী রক্ষণাবেক্ষণ কর্মসূচি সরকারের কাছে হস্তান্তর
দীর্ঘ ২৩ বছর পর বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার পল্লী রক্ষণাবেক্ষণ কর্মসূচি (আরএমপি) বাস্তবায়নের দায়িত্ব সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেছে।
কেয়ার’র আবাসিক প্রতিনিধি স্টিভ ওয়ালেস বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগে অনুষ্ঠিত প্রকল্প স্টিয়ারিং কমিটির সভায় সংশ্লিষ্ট সচিব এসএম জহরুল ইসলামের কাছে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব হস্তান্তর করেন। সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময় কানাডিয়ান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (সিডা) প্রতিনিধি জ্যাকপ থপিল, ইউরোপীয়ান কমিশন (ইসি) প্রতিনিধি এ্যান্থনি গুডউইন এবং সরকারের উচ্চ পদস্থ কর্মকতারা উপস্থিত ছিলেন।
আগামী ১ জুলাই থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আরএমপি কর্মসূচী বাস্তবায়ন করবে। এ পর্যন্ত আরএমপি প্রকল্পটি বাংলাদেশ সরকার, সিডা এবং ইসি’র অর্থায়নে পরিচালিত হয়েছে।
এ প্রকল্পের মাধ্যমে ১৯৮৩ সাল থেকে এ পর্যস্ত এক লাখ ৭৮ হাজার দুঃস্থ নারী আত্মকর্মসংস্থান এবং অর্থনৈতিক মুক্তির পথ খুঁজে পেয়েছেন।
পল্লী রক্ষণাবেক্ষণ কর্মসূচির অধীনে বর্তমানে দেশের ৬১ জেলার চার হাজার ২০০ ইউনিয়নে ৪২ হাজার দুঃস্থ নারী কর্মী ৮৪ হাজার কিলোমিটার মাটির রাস্তা রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত। মাটির রাস্তা নিয়মিত রক্ষণাবেক্ষেণর ফলে পণ্য ও সেবা সরবরাহের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা ইতিবাচক ভূমিকা রাখছে -- উন্নত হচ্ছে গ্রামীণ অথনীতি।
