খুলনা ও সিলেটে পুলিশের সাথে ক্রসফায়ারে দুই কথিত সন্ত্রাসী নিহত
খুলনা ও সিলেটে বৃহস্পতিবার ভোরে পুলিশের সাথে ক্রসফায়ারে দুজন কথিত সন্ত্রাসী নিহত হয়েছে। এদের মধ্যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল) রশিদ গ্র“পের এক ক্যাডারও রয়েছে বলে পুলিশ দাবি করেছে।
খুলনার আলাইপুর কাঁচদিয়া ব্রিজের কাছে বৃহস্পতিবার ভোরে পুলিশের সাথে ক্রসফায়ারে কামরুল ইসলাম তরফদার ওরফে দুখু নিহত হয়। সে রূপসা উপজেলার আনন্দনগর গ্রামের আহাদ তরফদারের ছেলে এবং পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল) রশিদ গ্র“পের সদস্য।
পুলিশ জানায়, বুধবার রাতে নিজ বাড়ি থেকে দুখুকে গ্রেফতার করা হয়। দুখুর দেয়া স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য আলাইপুর এলাকার কাঁচদিয়া ব্রিজের কাছে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুখুর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় দুখু পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি রিভলবার, একটি পাইপগান এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে। পুলিশ জানায়, দুখুর বিরুদ্ধে তিনটি হত্যা, দুইটি অস্ত্র ও একটি ধর্ষণসহ ছয়টি মামলা রয়েছে।
অপরদিকে সিলেট শহরতলীর আলুরতল এলাকায় পুলিশের সাথে ক্রসফায়ারে বৃহস্পতিবার ভোরে হাবিব ইবনে ইসলাম ওরফে চমক নিহত হয়। পুলিশ জানায়, ছাত্রদলের সাথে সংশ্লিষ্ট চমক একজন মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী ছিলো।
তার বিরুদ্ধে হত্যাসহ ১১টি মামলা রয়েছে।
