পাবনার জোড়া খুনের মামলায় ১১ জনের যাবজ্জীবন কারদণ্ড
রাজশাহীর দ্রুত বিচার আদালতে পাবনার আতাইকুলা থানার লক্ষ্মীপুর গ্রামের জোড়া খুনের মামলায় ১১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে।
একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৯জনকে খালাস দেওয়া হয়। বুধবার বিকেলে জনাকীর্ণ আদালতে বিচারক এএফএম আমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল বিশ্বাস ওরফে মন্টু, হেদায়েত উল্লাহ ওরফে হেদাই, আ. খালেক, নজরুল ইসলাম, সিদ্দিক, ভোলা, শফি, লোকমান, মাহতাব, বারেক ও গোলজার। এদের মধ্যে মন্টু ও ভোলা পলাতক রয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আতাইকুলা থানার সাবেক চেয়ারম্যান সাইফুল বিশ্বাস ওরফে মন্টুর সাথে ভিকটিম হাবিবুর রহমান বুলুর ছেলে থানা বিএনপির আহ্বায়ক রবিউল ইসলাম রবির বিরোধ বাধে। এরই জের ধরে গত ২০০৪ সালের ১২ মে সকাল সাড়ে ৯টায় আসামিরা হামলা চালিয়ে হাবিবুর রহমান বুলু ও প্রতিবেশি আইয়ুব আলীকে হত্যা করে।
এ ঘটনায় নিহত হাবিবুরের ছেলে রবি ১৮ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আসামি খালেককে গ্রেপ্তার করলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সামসুল আলম ৩০ ডিসেম্বর ৩০ জনকে আসামি করে চার্জশিট দাখিল করেন। সম্প্রতি মামলাটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। আদালতে ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি অ্যাডভোকেট কেতাব উদ্দিন।
