ডেকোর লাল--কার্ড পাওয়ার বিষয়ে আপীল করবে পর্তুগাল
নেদারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে পর্তুগীজ প্লে--মেকার ডেকোর লাল--কার্ড পাওয়ার বিষয়ে ফিফা’র কাছে আপীল করার পরিকল্পনা নিয়েছে পর্তুগাল। পর্তুগালের ব্রাজিলীয় কোচ লুইজ ফিলিপ স্কোলারি এ কথা জানান।
লাল--কার্ড পাওয়ার কারণে ডেকো আগামী শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার--ফাইনাল ম্যাচে মাঠে নামতে পারবেন না। পর্তুগালের মধ্যমাঠের খেলোয়াড় কস্টিনহাও লাল--কার্ড পাওয়ার কারণে মাঠে নামতে পারবেন না।
পর্তুগালের কোচ স্কোলারি বলেন, “আমরা কিছু শৃঙ্খলা ভঙ্গ করেছি তা আমরা স্বীকার করছি। কিন্তু ডেকোর লাল--কার্ড পাওয়ার বিষয়টি আমরা কোন ভাবেই মেনে নিতে পারি না।”
তিনি আরও বলেন, “পর্তুগীজ ফুটবর ফেডারেশন যারা ফিফা’র ফেয়ার প্লে দলিলের উপর ভিত্তি করে পরিচালিত হয়, ফিফা’র কাছে ডেকোর লাল--কার্ড প্রত্যাহার করে নেওয়ার জন্য অনুরোধ জানাবে।”
প্রথমবার ডেকোকে হলুদ কার্ড দেখানোর বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন স্কোলারি।
