২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকল বৈদেশিক মুদ্রাসহ নগরীর পল্লবী এলাকা থেকে ২ আফ্রিকান নাগরিক গ্রেপ্তার

নগরীর পল্লবী এলাকা থেকে পুলিশ বৃহস্পতিবার রাতে নকল বৈদেশিক মুদ্রা তৈরি ও ব্যাবসায় জড়িত থাকার অভিযোগে দুই অফ্রিকানকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2006, 07:06 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

গ্রেপ্তারকৃতরা হলো ঘানার নাগরিক উইলিয়াম ওবাং (৩৫) এবং ক্যামেরুনের নাগরিক তানতামাম (৩৬)। তাদেরকে শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হয়।

গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদেরকে ১১/ডি অব ৯/১৪ পল্লবীর ইয়াম্মি ইয়াম্মি নামে একটি ফাস্ট ফুডের দোকান থেকে গ্রেপ্তারের পর পল্লবী থানায় হস্তান্তর করে।

তারা নগরীর তোপখানা রোডের একটি হোটেলে অবস্থান করছিলো বলে পুলিশ জানায়।

পল্লবী থানার এসআই মাহবুব বলেন, ইয়াম্মি ইয়াম্মি থেকে তথ্য পাওয়ার পর ডিবি পুলিশ বিদেশি নাগরিকদের তুলে আনে।

দোকানটির মালিক আব্দুল মজিদ চৌধুরী বিদেশিদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওমর শরীফ ইয়াম্মি ইয়াম্মির মালিক আব্দুল মজিদ চৌধুরীর খোঁজার চেষ্টা করলেও তিনি পলাতক রয়েছেন।

পল্লবী থানা জানায়, দুইটি ১’শ টাকার নকল ইউএস ডলার এবং ডলার তৈরির সরঞ্জামসহ ডিবি পুলিশ বিদেশিদের তাদের কাছে হস্তান্তর করে।

মামলার বিবরণে আব্দুল মজিদ চৌধুরী অভিযোগ করেছেন ওই বিদেশিরা নকল ডলার তৈরির সাথে জড়িত। এরআগে আরেকটি বিদেশি নাগরিক দল ইয়াম্মি ইয়াম্মি দোকানে যায় এবং তাকে অবৈধ ডলার ব্যাবসার প্রস্তাব দেয় বলেও তিনি উল্লেখ করেন।