২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএনএইচসিআর ২১ হাজার রোহিঙ্গা শরণার্থীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন

কক্সবাজারের কুতুপালং ও নয়াপাড়া নামক দুটি রোহিঙ্গা শরণার্থী শিবিরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার (ইউএনএইচসিআর) উদ্বিগ্ন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2006, 06:39 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

তারা মনে  করে, এদেশের রোহিঙ্গা শরণার্থীরা নূন্যতম মৌলিক মানবাধিকারও পাচ্ছে না। গত ১৪ বছর ধরে প্রায় ২১ হাজার শরণার্থীর এই মানবেতর জীবন চলছে। শরণার্থী আশ্রয় শিবিরগুলোতে সবচেয়ে বেশি লঙ্ঘিত হচ্ছে প্রায় সাড়ে ১২ হাজার শিশুর অধিকার।

ইউএনএইচসিআর এরই মধ্যে বাংলাদেশ সরকারকে তাদের এই উদ্বেগের কথা অবহিত করেছে।

ইউএনএইচসিআর’র বাংলাদেশ প্রতিনিধি পিয়া প্রিজ ফিরি বিডিনিউজ'কে বলেন, রোহিঙ্গা শরণার্থী শিবিরের মানবাধিকার পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক। এ সব শরণার্থী শিবির কোনোভাবেই নূন্যতম আন্তর্জাতিক মানেরও নয়। 

তিনি বলেন, শরণার্থীরা শিবিরগুলোতে ছোট্ট ভাঙা ঝুপড়ি ঘরে গাদাগাদি করে বাস করছে, এটি কোনোভাবেই মানবিক নয়। উপরন্তু ১৪ বছর ধরে চলছে এই মানবেতর জীবন।

তিনি আরো বলেন, রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে যেহেতু প্রচুর শিশু রয়েছে, তাই তাদের মানবাধিকারও লঙ্ঘিত হচ্ছে সবচেয়ে বেশী।

ইউএনএইচসিআর’র বাংলাদেশ প্রতিনিধি বলেন, শিবিরগুলোতে প্রতি বছর অস্থায়ী ঘরবাড়ি নির্মাণ করতে গিয়ে ইউএনএইচসিআর'কে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এ জন্য বাংলাদেশ সরকারকে শিবির দুটিতে সেমিপাকা ঘর তোলার বিষয়ে প্রস্তাব করা হয়। কিন্তু এতে শরণার্থীরা মায়ানমারে ফিরে যেতে নিরুৎসাহিত হবে, এই যুক্তিতে সরকার রাজী হয়নি।

তিনি বলেন, সরকারের সঙ্গে ইউএনএইচসিআর শরণার্থী ইস্যুতে ফলপ্রসু আলোচনা অব্যহত রেখেছে। শিগগিরই ফান্ড দেওয়া সম্ভব হলে ঘরবাড়িগুলো মেরামত করা সম্ভব।

তিনি আরো বলেন, কিন্তু সবচেয়ে উদ্বেগজনক শিবিরের শিশুদের অবস্থা। সেখানে তাদের কোনো খেলার মাঠ নেই। পঞ্চম শ্রেণী পর্যন্ত শিশুদের পড়াশুনার সুযোগ থাকলেও এরপর তাদের আর লেখাপড়ার সুযোগ নেই। সেখানে কোনো হাতের কাজও সেখানো হয় না। এ সবই শিশু অধিকারের চরম লঙ্ঘন।

সরকারি কর্মকর্তারা অবশ্য শরণার্থী শিবিরের এসব মানবাধিকার লঙ্ঘনের কথা স্বীকার করেন না। রিফুজি রিলিফ অ্যান্ড রিপেট্রিয়েশন কমিশন (আরআরআরসি) প্রধান সোয়েবুর রহমান বিডিনিউজকে বলেন, শরণার্থী শিবিরে মানবাধিকার লঙ্ঘন মিথ্যে প্রচারণা। সেখানে কোনো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে আমাদের কাছে তথ্য নেই।