কক্সবাজারে ২১ হাজার রোহিঙ্গা শরণার্থীর ১৪ বছরের মানবেতর জীবন
কক্সবাজারের দুটি আশ্রয় শিবিরে বসবাসকারী প্রায় ২১ হাজার রোহিঙ্গা শরণার্থী ১৪ বছর ধরে মানবেতর জিম্মি জীবন কাটাচ্ছে।
সরেজমিনে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও টেকনাফের নোয়াপাড়ার দুটি আশ্রয় শিবির ঘুরে দেখা গেছে মানবেতর শরণার্থী জীবন। সেখানে নিরাপত্তা বাহিনীর লোকজন রোহিঙ্গা শরনার্থীদের সব সময় নানা রকম হয়রানি ও মানসিক নির্যাতনের মধ্যে রাখে। উঠতে বসতে মারপিট, গালিগালাজ আর লাঞ্ছনা।
দশ ফুট বাই দশ ফুট ঝুপড়ি ভাঙা ঘরে ১০ থেকে ১৫ জনের একেকটি পরিবার জন্তুর মতো গাদাগাদি করে বসবাস করে। শিবির ছেড়ে বাইরে যাওয়ার অনুমতি না থাকায় লুকিয়ে রিলিফের চাল ডাল বিক্রি করে তাদের সংগ্রহ করতে হয় শাকসব্জি, শিশু খাদ্য, জামা কাপড়সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস। আবার ধরা পড়লে রেশন বন্ধ, মারপিট, লাঞ্ছনা এ সবও আছে।
শিবিরের বাসিন্দাদের একটি বড় অংশই শিশু। কিন্তু শিবিরে নেই সামান্য ফুটবল কি দড়ি লাফ খেলার ব্যবস্থা। দিনের পর দিন শিশুরা ডাল ভাত খেয়ে আছে অযতœ আর অবহেলায়। কোনো সপ্তাহে একদিন কোনো পরিবার যদি শুটকি মাছ ব্যবস্থা করতে পারে, সেটাই যেনো এক পরম পাওয়া। মাছ, মাংস তো দূরের কথা। শুধু মাত্র কোরবানী ঈদের সময় রিলিফের কয়েক টুকরো মাংস জোটে একেকটি পরিবারের জন্য।
নাম প্রকাশ না করার শর্তে একধিক বিডিআর সদস্য বিডিনিউজকে জানান, শিবিরের কারো টেলিভিশন দেখার বা কেনার অনুমতি নেই। অনুমতি নেই মোবাইল ফোন ব্যবহারের। তাদের অভিযোগ, তবু লুকিয়ে অনেক শরণার্থী মোবাইল ফোন ব্যবহার করে মায়ানমারের সঙ্গে চোরাকারবারী ব্যবসা চালাচ্ছে।
তবে আনুষ্ঠানিকভাবে সরকারি কর্মকর্তারা শরনার্থী শিবিরের এসব মানবাধিকার লঙ্ঘন ও অনিয়মের কথা স্বীকার করেন না।
কুতুপালং শিবিরের ডাক্তার মোমেন জানান, গাদাগাদি করে বসবাস করার জন্য আশ্রয় শিবিরগুলোতে খুব সহজেই ম্যালেরিয়া, ডায়রিয়া, চর্মরোগ, এমন কি যৌন রোগ ছড়িয়ে পড়ে। প্রতিমাসে ১৫ থেকে ২০ জন যৌন রোগীকে চিকিৎসা দেওয়া হয়।
ওই শিবিরের কেজি ক্লাসের ছাত্রী তাসলিমার (১০) জন্ম আশ্রয় শিবিরেই। বিডিনিউজ’র সঙ্গে আলাপকালে সে পরিস্কার বাংলায় বলে, স্যার, এখন বৃষ্টির দিনে আমাদের ঘর দিয়ে পানি পড়ে। মাটির মেঝে কাদা হয়ে যায়। আমরা প্লাস্টিক মাথায় দিয়ে সারা রাত জেগে থাকি।
একই শিবিরের সখিনা খাতুন (৩৫) চট্টগ্রামের আঞ্চলিক বাংলায় বলেন, বার্মায় চলে নাসাকা বাহিনীর জুলুম। আর এখানে চলে শিবিরের পাহারাদার পুলিশ -- বিডিআর’র জুলুম। কথায় কথায় ওরা আমাদের মারপিট করে। কেউ আমাদের মানুষ মনে করে না।
মমিনা খাতুন (৪০) বলেন, গরমের দিনে সন্ধ্যার পরে শুধু মাত্র ঘরের বারান্দায় বসে থাকার জন্য পুলিশ -- বিডিআর’র লাঠির আঘাত পায়নি, এমন লোক এখানে কমই আছে। ওরা নারী -- পুরুষ, শিশু কাউকে রেহাই দেয় না।
নয়াপাড়া শিবিরের মোহাম্মাদ রফিক (২২) প্রশ্ন তুলে বলেন, শিবিরের স্কুলে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ার সুবিধা আছে। কিন্তু কেনো শিবিরের হাজার হাজার শিশু এর থেকে আর উপরের ক্লাসে পড়তে পারবে না?
তিনি আক্ষেপ করে বলেন, আমার জীবন তো শেষ; এসব শিশুদের জীবনও শেষ হয়ে যাচ্ছে। আমাদের কোনো কাজকর্মও শেখানো হয় না। বার্মায় ফিরে গেলেও আমরা কোনো কাজ করতে পারবো না।
মোহাম্মাদ সাবের (২৩) জানান, শিবিরের বাইরে লুকিয়ে তিনি নবম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করে এখন শিবিরের স্কুলে সাড়ে ৪০০ জন ছাত্রছাত্রীকে পড়াচ্ছেন। তার ছাত্রছাত্রীদের মধ্যে অনেক মেধাবীরও পঞ্চম শ্রেণীর বেশী লেখা পড়ার করার সুযোগ নেই।
সরকারি কর্মকর্তারা অবশ্য শরণার্থী শিবিরের এসব মানবাধিকার লঙ্ঘন ও নানা অনিয়মের কথা স্বীকার করেন না। রিফুজি রিলিফ অ্যান্ড রিপেট্রিয়েশন কমিশন (আরআরআরসি) প্রধান সোয়েবুর রহমান বিডিনিউজকে বলেন, শরণার্থী শিবিরে মানবাধিকার লঙ্ঘন মিথ্যে প্রচারণা। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার (ইউএনএইচসিআর) ফান্ড না দেওয়ায় শিবিরের ঘরবাড়ি ঠিক করা যাচ্ছে না।
ইউএনএইচসিআর’র বাংলাদেশ প্রতিনিধি পিয়া প্রিজ ফিরি বিডিনিউজ'কে বলেন, রোহিঙ্গা শরণার্থী শিবিরের মানবাধিকার পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক। এ সব শরণার্থী শিবির কোনোভাবেই নূন্যতম আন্তর্জাতিক মানের নয়।
তিনি জানান, ইউএনএইচসিআর বাংলাদেশ সরকারকে প্রস্তাব দিয়েছে, শিবিরগুলোতে সেমি পাকা ঘরতুলে দেওয়ার। কিন্তু রোহিঙ্গারা এদেশে সাময়িক সময়ের জন্য এসেছে বলে বাংলাদেশ সরকার এতে রাজী নয়। ফান্ডের বিষয়ে সরকারের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে।
মায়ানমারের সামরিক নিপীড়ন ও রাজনৈতিক অস্থিরতার কারণে ১৯৯০ -- ৯১ সালে লাখ লাখ হতদরিদ্র মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গারা কক্সবাজারে এসে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়। ইউএনএইচসিআর’র সহায়তায় এ পর্যন্ত দুলাখ ৩৬ হাজার ৫৯৯ জন শরনার্থীর মায়ানমারে প্রত্যাবাসন সম্ভব হয়েছে।
