বিশ্বকাপ জোয়ারে ভাসছে লন্ডন
বিশ্বকাপ জোয়ারে ভাসছে লন্ডনের বানিজ্যিক প্রাণকেন্দ্র ‘দ্যা সিটি’। শহরের এই এলাকার ব্যাংকগুলো এবং শেয়ার লেনদেনকারী প্রতিষ্ঠানগুলোর কোনো কোনোটি তাদের ফুটবলপাগল কর্মকর্তা -কর্মচারীদের জন্য বিনামূল্যে সরবরাহ করছে বিভিন্ন ধরনের পানীয়। আবার কোনো প্রতিষ্ঠান তাদের কর্মকর্তা- কর্মচারীদের জন্য পুরো একটা পানশালা’ই ভাড়া করে নিয়েছে।
দক্ষ কর্মকর্তা ও কর্মচারীদের ধরে রাখতে এ ধরনের আরো অনেক বাড়তি সুযোগ সুবিধার ব্যাবস্থা করতে বাধ্য হচ্ছে বানিজ্যিক প্রতিষ্ঠানগুলো।
পৃথিবীর অন্যতম বৃহৎ শেয়ার লেনদেনকারী প্রতিষ্ঠান আই সি এ পি’র সকল কর্মকর্তা-কর্মচারীরা বিশাল প্লাজমা স্ক্রীনে খেলা দেখার সুযোগের সাথে সাথে বিনামূল্যে বীয়ারও পাচ্ছেন ।
লন্ডনের প্রধান বানিজ্যিক এলাকা ক্যানেরি হোয়র্ফ এর উম্মুক্ত এলাকাগুলোতে বসানো টিভি স্ক্রিনে খেলা দেখাকে কেন্দ্র করে গত সপ্তাহে কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটে। ফলে কর্তৃপক্ষ সেখানে উম্মুক্ত স্থানে খেলা প্রদর্শণ বন্ধ ঘোষনা করে। তাই অনেকেই এখন দ্যা সিটিতে জড়ো হচ্ছেন খেলা দেখার জন্য।
বিশ্বকাপকে সবচাইতে এগিয়ে রেখেছে দেশটির অন্যতম একটি বৃহৎ চেইন সুপারস্টোর ‘এ এস ডি এ’। তাদের প্রায় দেড় লক্ষ কর্মচারী বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে চাইলে ইচ্ছে করলেই দু’সপ্তাহের ছুটিতে যেতে পারবেন। তবে এই দুই সপ্তাহের জন্য তারা কোনো বেতন পাবেন না।
তবে সব প্রতিষ্ঠানকেই এতটা ফুটবলপাগল বলা যাবে না। যেমন সিঙ্গাপুর কেন্দ্রিক ব্যাঙ্ক ‘ও সি বি সি’ তাদের কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ছুটির আগে খেলা দেখার অনুমতি দেয়নি।
