রাজধানীতে জাতীয় ফল মেলা শুরু
রাজধানীর খামারবাড়িতে শুক্রবার মুখোরোচক দেশি-বিদেশি বিভিন্ন ফলের পসরা নিয়ে দুই সপ্তাহব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে।
কৃষি সম্প্রসারণ বিভাগ আয়োজিত ফল মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী এমকে আনোয়ার। মন্ত্রণালয় সচিব কাজী আবুল হোসেনের সভাপতিত্বে মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
মেলায় ৪১টি স্টলে মুখোরোচক বিভিন্ন ফলের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দুধেস্বর, বিশ্বনাথ চ্যাটার্জি, মল্লিকা, রানি পছন্দ নামের নতুন বিভিন্ন আমের পসরা বসানো হয়েছে এ মেলায়। এছাড়াও কলা, কাঠাল ও অন্যান্য ফলও মেলায় স্থান পেয়েছে।
কৃষিমন্ত্রী তার উদ্বোধনী বতৃতায় বলেন, প্রতি বছর আমাদের দেশে দুই লাখ টনের মতো ফল উৎপাদিত হয়, যেখানে দেশে বর্তমানে ছয় লাখ টন ফলের চাহিদা রয়েছে।
তিনি দেশের ফলের উৎপাদনের বাড়াতে শস্যের বৈচিত্রকরণের প্রয়োজনীয়তার উপর জোর দেন। এছাড়াও তিনি ফল উৎপাদনের পর চাষীরা যাতে তার সঠিক মূল্য পেতে পারে এবং বাজারেও যাতে পর্যাপ্ত সরবরাহ থাকে তা নিশ্চিত করার উপরও জোর দেন।
৩০ জুন পর্যন্ত এই মেলা চলবে।
