ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষক নিহত, আহত ৩৫
ফরিদপুর শহরতলীর শিবরামপুরের বারখাদা ব্রীজের কাছে বৃহস্পতিবার গভীর রাতে দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুল শিক্ষক নিহত ও কমপক্ষে ৩৫জন যাত্রী আহত হয়েছে।
নিহতরা হলেন- আব্দুর রাজ্জাক (৫০) ও জামিল হোসেন (২৩)। তাদের বাড়ি ঝিনাইদহ শহরে।
পুলিশ সূত্র জানায়, ঢাকায় প্রাথমিক স্কুল শিক্ষকদের মহাসমাবেশ থেকে ফেরার সময় শিক্ষকদের বহনকারী ঝিনাইদহগামী আল-হামরা পরিবহনের একটি বাস (ঝিনাইদহ-ব-১১-০০০২) ও ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা-ব-১৪-০০৮০) মধ্যে বৃহস্পতিবার রাত দেড়টায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুই শিক্ষক নিহত ও অপর ৩৫ জন আহত হয়। এদের মধ্যে অধিকাংশই শিক্ষক।
আহত ৩৫ জনের মধ্যে ২৩জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মধ্যে চারজনের অবস্থা আশংকাজন বলে হাসপাতাল সূত্র জানায়।
