নরসিংদীতে প্রতিবন্ধী গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা
নরসিংদী সদর উপজেলায় বৃহস্পতিবার রাতে যৌতুকের দাবিতে প্রতিবন্ধী গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করেছে শ্বশুর বাড়ির লোকেরা। নিহতের নাম- সুমী আক্তার (২৫)।
পুলিশ জানায়, উপজেলায় চর এলাকা নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়া গ্রামের আবু নাসের ওয়াহিদের ছেলে আ. ছালামের সাথে পাঁচ বছর আগে পাশের জগৎপুর গ্রামের হাজি মো. আনোয়ার হোসেনের মেয়ে সুমীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকেরা তাকে যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল।
এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে স্বামীর অনুপস্থিতিতে সুমীর শ্বাশুড়ী টাকা এনে দেয়ার দাবি জানায়। কথা কাটাকাটির এক পর্যায়ে সুমীর শ্বাশুড়ী, দুই ননদ, এবং ভাগিনা মুখে বালিশ চেপে শ্বাসরোধ করে তাকে হত্যা করে।
পুলিশ শুক্রবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ঘটনার পর থেকে সুমির শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।
এ ব্যাপারে নরসিংদী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
