নারী ও শিশু বিষয়ক মন্ত্রী খুরশিদ জাহান হকের ইন্তেকাল, ২য় লিড
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী খুরশীদ জাহান হক বুধবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমসিএইচ) মারা গেছেন (ইন্নানিল¬াহে...রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন খুরশিদ জাহান হক যকৃতের সমস্যায় আক্রান্ত হলে ২৪ মে তাকে সিএমসিএইচ--এ ভর্তি করা হয়।
দিনাজপুরের গোরা শহীদ ময়দানে তার তৃতীয় নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় ফরিদপুর গোরস্থানে দাফন করা হবে।
সিএমসিএইচ--এ বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর পেয়ে খালেদা জিয়া বেলা সাড়ে ১২টায় হাসপাতালে উপস্থিত হন।
খুরশিদ জাহানের মৃত্যুর খবর পেয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার এবং ভারপ্রাপ্ত স্পিকার আখতার হামিদ সিদ্দিকী হাসপাতালে ছুটে যান।
পরে তার মরদেহ নয়াপল্টনে বিএনপি’র প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। খুরশিদ জাহান হকের দ্বিতীয় নামাজে জানাজা জাতীয় সংসদের দক্ষিণ ভবনে অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার পক্ষে বিরোধী দলীয় উপনেতা আব্দুল হামিদ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা শেষে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
মৃত্যুকালে খুরশিদ জাহান হক তার বয়োবৃদ্ধ মাতা, চার পুত্র, দুই ভাই এবং দুই বোন রেখে গেছেন।
তিনি ১৯৩৯ সালের ১১ আগস্ট দিনাজপুরের দক্ষিণ বুলোবাড়িতে জন্ম গ্রহণ করেন। ১৯৫৪ সালে তিনি দিনাজপুর থেকে ম্যাট্রিক এবং ১৯৫৬ সালে টাঙ্গাইলের কুমোদিনী কলেজ থেকে আইএ এবং একই কলেজ থেকে ১৯৫৮ সালে বিএ পাস করেন।
১৯৫৬ সাল থেকে ১৯৫৭ সাল পর্যন্ত তিনি টাঙ্গাইল কুমোদিনী কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। খুরশিদ জাহান জাগদলের প্রতিষ্ঠাতা সদস্য এবং একজন বিশিষ্ট নারী সংগঠক ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-- বিএনপি’র একজন ভাইস চেয়ারম্যান ছিলেন।
খুরশিদ জাহান হক ১৯৯১ সালে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হন। পরে তিনি ১৯৯৬ এবং ২০০০ সালে দিনাজপুর-- ৩ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।
বর্তমান জোট সরকার ক্ষমতায় আসার পর তিনি ২০০১ সালের ১০ অক্টোবর নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেন।
