সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে শিশু খুন
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মাধবকাটি গ্রামে বুধবার জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের দায়ের কোপে এক শিশু নিহত হয়েছে।
নিহত শিশুর নাম হালিমা খাতুন (৯)।
এ ঘটনায় পুলিশ পাঁচ মহিলাসহ ছয়জনকে আটক করেছে।
ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সাত্তার জানান, মাধবকাটি গ্রামের আব্দুস সালামের সাথে একই গ্রামের আব্দুল আজিজের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। বুধবার সকালে আব্দুল আজিজ লোকজন নিয়ে জমিতে মাটি কাটা শুরু করলে আব্দুস সালাম তার মেয়েকে সঙ্গে নিয়ে গিয়ে মাটি কাটার প্রতিবাদ করে। এ নিয়ে প্রথমে বচসা ও পরে হাতাহাতির এক পর্যায়ে আব্দুল আজিজ দা দিয়ে আব্দুস সালামের মেয়ে হালিমাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই হালিমার মৃত্যু হয়।
পরে গ্রামের লোকজন মিছিল শুরু করলে পুলিশ আব্দুল আজিজ ও আরো পাঁচ মহিলাকে আটক করে।
এ ঘটনায় আব্দুস সালাম বাদি হয়ে কালিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
